আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার মনে করেন প্রিমিয়ার লিগে আন্দ্রে ভিলাস বোয়াসের দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত। ভিলাস বোয়াসের দল টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে আজকের খেলাটির প্রাক্কালে এই মন্তব্য করেন ওয়েঙ্গার।
পর্তুগীজ এই কোচ চেলসিতে যোগ দিয়েছিলেন ২০১১-১২ মৌসুমের শুরুতে। ইংল্যান্ডে তিনি এসেছিলেন আগের মৌসুমে পোর্তোকে লিগ, কাপ এবং ইউরোপা লিগ; এই তিন শিরোপা জিতিয়ে। কিন্তু স্টামফোর্ড ব্রিজে তার সময়টা মধুর ছিল না। ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ছিলেন চেলসিতে। ওয়েস্টব্রুমউইচ আলবিয়নের বিপক্ষে হারের পর বরখাস্ত হন।
এর কয়েকমাস পর তিনি টটেনহ্যাম হটস্পারে হ্যারি রেডন্যাপের স্থলাভিষিক্ত হন। এই মুহূর্তে সেই টটেনহ্যাম শীর্ষ তিনের লড়াইয়ে ভাল অবস্থানে আছে।
আজ রবিবার দু’দলের এই লন্ডন ডার্বিটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক টটেনহ্যামের মাঠে খেলতে যাবে আর্সেনাল। আর এই ম্যাচের আগে ওয়েঙ্গার আর্সেনালের ওয়েবসাইটকে বলেন, ‘সে ভাল করছে। আমি মনে করি সে ভাল করেছে। আমি জানি না নিত্যদিনের হিসেবে (টটেনহ্যামে) পরিস্থিতি কেমন। এটা পরিমাপ করা কঠিন। কিন্তু তারা ভাল খেলছে। তাদের দলটি ভাল। দলটিতে নতুনত্ব এসেছে এবং যথেষ্ট ভাল করে চলেছে।’
তিনি আরো বলেন, ‘ভিলাস বোয়াস যোগ্যতার নিরিখেই দ্বিতীয় সুযোগটি পান। কখনও কখনও আপনি দ্বিতীয় চাকরিটি পান প্রথমটি পাওয়ার কারণে। উদাহরণ হিসেবে বলা যায় চেলসির কাজটি না পেলে তার পক্ষে টটেনহ্যামের চাকরিটা পাওয়া কঠিন হতে পারতো। কারণ লোকজন তাকে দেখতে চাইতো এবং তার সাথে কাজ করা খেলোয়াড়দের সাথে কথা বলতো। কাজেই স্রেফ পর্তুগাল থেকে কাউকে আনার চাইতে এটা ছিল অনেকটা নিশ্চয়তার মতো।’
