ঢাকা বার নির্বাচন

হিরু সভাপতি ও খোরশেদ সাধারণ সম্পাদক নির্বাচিত

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:৪৭
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ২৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ ১৩টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল সভাপতি, ট্রেজারারসহ ১২টি পদে বিজয়ী হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা বারের নির্বাচনের ভোট গ্রহণ শেষে গত শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্যাহ হিরু ৪ হাজার ১৫৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নীল প্যানেলের মো. মহসিন মিয়াকে ১২৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ মিয়া আলম ৩৪৭৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মো. মোশাররফ হোসেনকে ৯৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে নীল প্যানেল থেকে আব্দুল খালেক, সহ-সভাপতি নীল প্যানেল থেকে মো. এখলাসুর রহমান, ট্রেজারার পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে মো. নজরুল ইসলাম (শামীম), সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে মো. গোলাম ছারোয়ার খান (জাকির) এবং মো. হাফিজুর রহমান (তোতা) নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি বলেন, ঢাকা আইনজীবী সমিতিকে আমি সকল দল মতের ঊর্ধ্বে থেকে পরিচালনা করতে চাই।