ঘূর্ণিঝড় ‘ফণী’ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকাসমূহে জরুরি উদ্ধারকার্য, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিত্সা সহায়তা শুরু করেছে নৌবাহিনী। শনিবার সকালে খুলনার তিতুমীর নেভাল জেটি থেকে জরুরি ত্রাণসামগ্রী ও চিকিত্সা সহায়তা নিয়ে নৌবাহিনী জাহাজ মেঘনা বরিশালের মেহেন্দীগঞ্জ ও বানৌজা তিস্তা বরিশালের হিজলার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া নৌবাহিনী জাহাজ এলসিটি-১০৪ মোংলার দিগরাজ নৌঘাঁটি থেকে সাতক্ষীরার নীলডুমুরের উদ্দেশ্যে গমন করে। পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও মোংলা এলাকার নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং অন্য জাহাজসমূহও দ্রুততম সময়ে দুর্গত এলাকায় মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
দুর্গত এলাকাগুলোতে নৌবাহিনী জাহাজসমূহ জরুরি ত্রাণ হিসেবে শুকনো খাবার, বিনামূল্যে চিকিত্সাসেবা, জীবনরক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজ করছে। জাহাজসমূহে ত্রাণ সহায়তা হিসেবে দুই হাজার পরিবারের জন্য তিনদিনের শুকনা খাবার মজুত করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য শুকনা খাবার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ১ কেজি গুড়, প্যাকেট বিস্কুট, মোমবাতি, পলিথিন ব্যাগ, ম্যাচ বক্স, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গত এলাকায় নৌবাহিনীর এই ত্রাণ সহায়তা ও উদ্ধারকার্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে। - আইএসপিআর
