নাগেশ্বরীতে ২৩৫ জন এসএসসি শিক্ষার্থীর ফলাফল অনিশ্চিত

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২০:১২
এসএসসি পরীক্ষা নাগেশ্বরী-ডি কেন্দ্র্র কর্তৃপক্ষের ভুলে ২৩৫ শিক্ষার্থীর ফলাফল অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে পরীক্ষার্থী ও শিক্ষকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। হরতালের কারণে গত ২৪ ফেব্রুয়ারির রসায়ন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের ২৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ‘খ’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ ভুলবশত ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়। পাশাপাশি দু’টি কেন্দ্র নাগেশ্বরী-এ এবং নাগেশ্বরী-ডি হওয়ায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্ন মিলাতে গেলে এ বিষয়টি ধরা পড়ে। তাত্ক্ষণিক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ওই কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- আশঙ্কার কিছু নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক ক্ষোভের সঙ্গে জানান, শুধু ভুল নয় তারা অন্যায় করেছে। কেন্দ্র সচিব ও নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কেএম আনিছুর রহমান বলেন, ট্রাংক থেকে প্রশ্ন বের করার সময় এ ভুলটা হয়েছে। তবে বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। তারা বলেছেন কোন সমস্যা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসলে তাত্ক্ষণিক তা পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।