কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে বসতবাড়ি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রাশিদাবাদ ইউনিয়নের ব্রাþহ্মণকচুরি গ্রামের উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গৃহবধূ জানান, রাত আনুমানিক তিনটার দিকে একই গ্রামের দুলাল মিয়ার (৪০) নেতৃত্বে দুর্বৃত্ত দল বাইরে থেকে কৌশলে ছিটকিনি খুলে ঘরের ভিতর প্রবেশ করে।
এরপর দুলাল মিয়া তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় এবং অন্য আসামিরা প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তিনি চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ধর্ষণে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা বসতবাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আসবাবপত্র, কাপড়-চোপড় ও অন্যান্য মালামালসহ বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে উক্ত মহিলা বাদী হয়ে ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হচ্ছে: ওসমান গনি (২৮), আবুল কাসেম (৪৫), হাবিবুর রহমান (৩২), তুষার মিয়া (১৮) ও সাইদুর রহমান (৩০)। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
