৩৩০ ডলারে নতুন আইফোন!

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৬
আইফোন ৫ বাজারে আসার পর থেকেই গুঞ্জন শুরু হয়ে গেছে পরের সংস্করণ নিয়ে। অ্যাপল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও বিভিন্ন সময়ে অ্যাপল’র নির্বাহীরা যেসব বক্তব্য দিয়েছেন, তার ভিত্তিতে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী আইফোনটি হবে স্বল্পমূল্যের সংস্করণের আইফোন। এর মূল্যটিও একটি ব্লগে প্রকাশ হয়ে পড়েছে। জাপানের ব্লগ ম্যাকোটাকারা বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে একটি খবরে জানিয়েছে, নতুন এই আইফোনের মূল্য হবে ৩৩০ ডলারের মধ্যেই। তারা জানিয়েছে, আইফোনের প্রচলিত কাঁচ আর অ্যালুমিনিয়ামের বদলে এই ফোনের কেসিংয়ে ব্যবহার করা হবে পলিকার্বনেট। অল্প কিছুদিন আগেও অ্যাপল’র সর্বনিম্ন মূল্যমানের যে ম্যাকবুক ছিল, তাতে এই ধরনের পদার্থ ব্যবহার করা হত। আইফোন ৫-এর চাইতে কম মূল্যের এই আইফোন আকারের দিক থেকেও হবে শক্তিশালী। এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ব্যবহারের কথাও জানিয়েছে এই জাপানি ব্লগ। অ্যাপল অবশ্য আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি নতুন আইফোন নিয়ে।