মাছ চুরির অভিযোগ

বাগেরহাটে যুবককে গণপিটুনি, চোখ খুঁচিয়ে জখম

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:১৮
বাগেরহাটে চিংড়ি ঘের থেকে মাছ চুরি করতে গিয়ে ওয়াদুদ শেখ (২৭) নামে এক যুবক গ্রামবাসীর পিটুনির শিকার হয়েছে। উত্তেজিত প্রহারকারীরা খেজুর পাতার কাঁটা দিয়ে খুঁচিয়ে তার দুই চোখ রক্তাক্ত জখম করেছে এবং বাম পা ভেঙে দিয়েছে। রবিবার গভীর রাতে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভোর রাতে পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহত ওয়াদুদ শেখ পার নওয়াপাড়া গ্রামের মোসলেম শেখের ছেলে। সকালে তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও গ্রামবাসী। তবে বাগেরহাট সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওয়াদুদ এই প্রতিবেদকের কাছে চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিএনপির সমর্থক। রাজনৈতিক কারণে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে নির্যাতন করেন। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ওয়াদুদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির অভিযোগ আছে। পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিত্সার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।