সৈয়দপুরে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:২২
নীলফামারী জেলার সৈয়দপুরে কামারপুকুর ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ ও গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা হয়েছে। শনিবার রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষক জাহাঙ্গীরকে আটক করেছে। রবিবার নীলফামারী আধুনিক হাসপাতালে ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়। এক সন্তানের মা ধর্ষিতা জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি বাজার থেকে কামারপুকুর আবাসনের বাড়ি ফেরার সময় পথ আগলিয়ে ধরে গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলম। পরে মুখ চেপে ধরে ওই ইউপি ভবন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনাটি রাতেই জানানো হয় ইউপি চেয়ারম্যান জিকো আহমেদকে। তিনি শনিবার বিচার করার কথা বলে ধর্ষিতাকে তার আবাসিক হোটেল সৈয়দপুর রেস্ট হাউসে থাকতে বলে। পরে চেয়ারম্যান ওই কক্ষে প্রবেশ করে কয়েক দফা তাকে ধর্ষণ করে। অবশেষে বিচার পেতে ধর্ষিতা বাদী হয়ে চেয়ারম্যান জিকো আহমেদ ও গ্রাম পুলিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এদিকে বিচার ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এলাকাবাসী ফুঁসে ওঠেছে। রবিবার সন্ধ্যায় এলাকাবাসী বাজারে মিছিল করেছে। তবে অভিযুক্ত চেয়ারম্যান জিকো আহমেদ জানান, গ্রাম পুলিশ তাকে ধর্ষণ করেছে ঠিক, কিন্তু আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে এ মামলায় জড়িয়েছে।