সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি \ বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দিরে ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার শহরের ট্রাফিক পয়েন্টে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ জেলা শাখা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিভিন্ন সম্প্রদায়, নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নুরুল হুদা মুকুট, আতম সালেহ, মতিউর রহমান প্রমুখ।
নেত্রকোনায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ
মোহনগঞ্জ সংবাদদাতা \ নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাকুড়া বাজার থেকে ধর্মপাশা উপজেলার লক্ষ্মীপুর গ্রাম পর্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি মাটির রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হচ্ছে। ইউনিয়ন কমিউনিটি ফোরামের উদ্যোগে গত সোমবার থেকে সুফলভোগী গ্রামবাসী ছাড়াও ননী গোপাল মঞ্জুশ্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা এই স্বেচ্ছাশ্রমে মাটি কাটায় অংশগ্রহণ করে।
বিশ্বজাকের মঞ্জিল মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকী
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্বজাকের মঞ্জিল আলিয়া (কামিল) মাদ্রাসার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল গত রবিবার দুপুরে পালিত হয়। এ উপলক্ষে পবিত্র কোরান তর্জমা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন খান। বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব মুন্সী আব্দুল লতিফ, ক্যাপ্টেন (অবঃ) মোঃ ইলিয়াজ হোসেন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খালিয়াজুরীর জলমহাল থেকে মাছ লুট
নেত্রকোনা প্রতিনিধি \ জেলার খালিয়াজুরী উপজেলার ‘নন্দের পেটনা’ জলমহাল থেকে গত শুক্রবার কয়েকশ’ লোক জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার নেত্রকোনা প্রেসক্লাবে এক লিখিত অভিযোগে বলা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মদন ও খালিয়াজুরী উপজেলার কিছু অমত্স্যজীবী লোকের ইন্ধনে গত শনিবার কয়েকশ’ লোক অস্ত্র, লাঠি-সোটা নিয়ে পাহারাদারদের মারধর করে জলমহালের মাছ লুট করে নিয়ে যায়।
সেনবাগে খড়ের গাদায় অগ্নিসংযোগ
সেনবাগ সংবাদদাতা \ সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিক বাড়িতে গত রবিবার রাতে একটি খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। লোকজন এগিয়ে আসার আগেই খড়ের গাদাটি ভস্মীভূত হয়। স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই স্থানীয় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদউল্যাহ বিএসসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউপি চেয়ারম্যান বলেন, হিন্দু এলাকায় আতংক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে বলে তার সন্দেহ।
হোমনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
হোমনা সংবাদদাতা \ জামায়াত কর্মী সন্দেহে ইব্রাহীম খলিল (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার সকালে এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. শহীদউল্লাহর পুত্র ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
চরভদ্রাসনে জেলেদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৩ উপলক্ষে চরভদ্রাসন উপজেলা মত্স্য অফিসারের উদ্যোগে উপজেলা পর্যায়ে জেলেদের মাঝে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। রবিবার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মত্স্যজীবীদের মাঝে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদরপুর মত্স্যজীবী সংগঠন চরভদ্রাসনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে পুরস্কার জিতে নেয়।
বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারে ত্রাণ বিতরণ
চৌমুহনী সংবাদদাতা \ গতকাল সোমবার বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজগঞ্জে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের মাঝে ৪ লক্ষ ৮০ হাজার নগদ টাকা ও ১৮০ বান্ডিল টিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপস্থিতিতে ৭৩টি সংখ্যালঘু পরিবারের মাঝে প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ১৪৬ বান্ডিল টিন ও নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়াও অবশিষ্ট ৩৪ বান্ডিল টিন ক্ষতিগ্রস্ত মন্দির নির্মাণে বরাদ্দ দেয়া হয়।
মেলান্দহে আওয়ামী লীগের সম্মেলন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শনিবার নাংলা প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে মাহফুজুল হক মাফলকে সভাপতি এবং আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
মেলান্দহে গৃহবধূর লাশ উদ্ধার
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ৩ মার্চ দুপুরে মেলান্দহ ও সদর উপজেলার সীমান্তবর্তী ঝাউরাম এলাকা থেকে গৃহবধূ করুণা বেগম ফেন্সির(২৮) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহতের স্বামী রেজ্জাকসহ (৩০) বাড়ির সকল লোকজন আত্মগোপন করেছে। পুলিশ ও এলাকাবাসীর ধারণা দু’দিন আগে ফেন্সিকে হত্যা শেষে ঘরের মেঝেতে ফেলে রাখে।
জামালপুরে দলিল লেখক সমিতির কালোব্যাজ ধারণ
জামালপুর প্রতিনিধি \ জামালপুরে দলিল লেখক সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা বাস্তবায়নের দাবি করে গত রবিবার কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। জেলার দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী, মাদারগঞ্জ ও জামালপুর সদরসহ ৭টি উপজেলায় পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
দিরাইয়ে মিছিল-সমাবেশ
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সিলেট মহানগর যুবলীগের সদস্য ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জগত্ জ্যোতি তালুকদারকে হত্যার প্রতিবাদে ও খুনী চক্রকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে দিরাইয়ে মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার দুপুরে দিরাই থানা রোডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলতাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহেল আহমদ প্রমুখ।
সখীপুরে মুক্তিযোদ্ধা সমিতির জমি বেদখল
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে গঠিত মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ১১ শতাংশ জমি জবর দখল করে ঘর-বাড়ি ও দোকান নির্মাণ করেছে কয়েকজন জবর দখলকারী। এ বিষয়ে প্রশাসন বেদখলকৃত জমি উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে রবিবার সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি জমি জবর দখলের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০০৭ সাল থেকে ঐ ১১ শতাংশ জমি জবর দখলে আছে।
বানিয়াচংয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে রবিবার আক্তার মিয়া (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আক্তার মিয়া আতুকুড়া গ্রামের খেলু মিয়ার ছেলে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পরিষ্কার নন নিহতের স্বজনরা।
নোয়াখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি \ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা দায়ের এবং সরকারের দমন-পীড়নের প্রতিবাদে গত রবিবার মওদুদের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
নেত্রকোনায় প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি \ জাতীয় মহিলা সংস্থা নেত্রকোনার উদ্যোগে ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ম্যানুয়েল বিতরণ করা হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও সরকারের যুগ্মসচিব নাজনীন বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নাসরিন আক্তার ও নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ সীতাংশু ভদ্র। পরে ৩০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
