ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গত রবিবার পরিষদের সামনে ভিজিডি’র চাল আত্মসাত করার অভিযোগে বিক্ষোভ করেছে এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে ওজনে কম দেয়াসহ নানা অনিয়ম প্রত্যক্ষ করেন এবং চালের গুদামে তালা লাগিয়ে দিলে লোকজন বিক্ষোভ বন্ধ করে। ভিজিডি কার্ডধারী কুলসুম আরা বেগম, সেলিনা আক্তার, রুপিয়া বেগম, আংকুরের নেছা, রহিমের নেছা, বিবি জুলেখা, হাছিনা বেগম ও রৌশন আরা জানান, মোট ৬০ জন কার্ডধারীকে মাসিক ৩০ কেজি হিসেবে চাল দেয়ার কথা রয়েছে। রবিবার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরী মাহবুব জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাল দেয়ার সময় ৬০ কেজির স্থলে মাত্র ৪০ কেজি হিসেবে চাল দেন। প্রতিজনকে ২০ কেজি করে চাল কম দেয়ার কারণে বিক্ষুব্ধ লোকজন পরিষদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে ইউএনও কাজী শহীদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওজনে কম দেয়া, ভিজিডি কার্ড বিলি না করা, সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাদ দিয়ে চাল বিলি করাসহ নানা অনিয়ম প্রত্যক্ষ করেন এবং চালের গুদামে তালা লাগিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে লোকজন বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে। এ ব্যাপারে তদারকি কর্মকর্তা ও সমবায় অফিসার ইউছুপ মজুমদার বলেন, চাল বিলির সময় আমার উপস্থিত থাকার কথা থাকলেও চেয়ারম্যান আমার আসার আগেই চাল বিলি সম্পন্ন করেন। ইউপি সচিব মীর হোসেন ২০ কেজি চাল কম দেয়ার কথা স্বীকার করে বলেন, ভিজিডি চাল বিতরণের বিষয়ে আমার কোন হাত নেই। চেয়ারম্যান সাহেব নিজ দায়িত্বে সব করেছেন। চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব চাল কম দেয়ার কথা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষ আমাকে কম দিয়েছে তাই আমিও কম দিয়েছি।
