মানিকগঞ্জে গ্যাস ও বিদ্যুত্ সংকট চরমে

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৬
মানিকগঞ্জের সর্বত্র গ্যাস-বিদ্যুত্ সংকট কমেই জটিল হচ্ছে। বিশেষ করে গ্যাসের অভাবে আবাসিক কাজ কর্মে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রান্না-বান্নার কাজে গ্যাস সরবরাহ না থাকায় খাবার তৈরি মারাত্মক ব্যাহত হচ্ছে। অনেকেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করায় অতিরিক্ত অর্থ খরচ করছেন। মানিকগঞ্জ শহরস্থ বেউথা সড়কে বাসিন্দা আকলিমা খানম শিরিন জানান, গত কয়েক মাস যাবত্ গ্যাসের চরম সংকটে সময়মতো রান্নাবান্না করতে না পারায় পরিবারের সবাইকে নিয়ে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। বাসায় মেহমান আসলে রীতিমত লজ্জায় পড়তে হচ্ছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল বাতেন জানান, গ্যাস সরবরাহ পর্যাপ্ত না থাকলেও মাস শেষে প্রতি ডাবল চুলা হিসেবে ৪৫০ টাকা বিল গুণতে হচ্ছে। এ ক্ষেত্রে গ্যাস সরবরাহ কম থাকলে বিল কমিয়ে নেয়ার জন্য সরকারের সিদ্ধান্ত নেয়া উচিত। উল্লেখ্য, মানিকগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে প্রায় সপ্তাহখানেক আগে শহরে ঝাড়ু মিছিল বের করে অবস্থার উন্নয়নের জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়।