বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর প্রায় দুই মাস পরও খোঁজ মেলেনি নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও পার্শ্ববর্তী পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল নবম শ্রেণির ছাত্র শাহাদাতের (১৫)। অজ্ঞাতনামা ৮/১০ ব্যক্তি আইন শৃঙ্খলার বাহিনীর পরিচয় দিয়ে শাহাদাতকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় বলেছিল তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরের দিন সকালেই ফেরত পাঠিয়ে দেবে।
গত ৭ মার্চ গভীর রাতে ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি শাহাদাতের বাড়ি গিয়ে দরজায় কড়া নেড়ে আইনের লোক পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। এ সময় ভিতর থেকে বাড়ির লোকজন দরজা খুলে দিলে তারা শাহাদাত কোথায় আছে জিজ্ঞাস করে। ঘুমন্ত শাহাদাতকে তার বাবা ডেকে এনে তাদের সামনে হাজির করে। এ সময় তারা শাহাদাতকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। এক পর্যায়ে তারা আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। এতে রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে কোথায় নিয়ে যাবেন?’ তখন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দানকারী লোকজন বলে, জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে বাসায় দিয়ে যাব। এই বলে কালো একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায়। প্রায় ২ মাস পরও শাহাদাতের কোনো খোঁজ পাওয়া যাাচ্ছে না।
এদিকে পুত্রের জন্য দিশেহারা তার পিতা ও পরিবার বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর যেমন র্যাব, গোয়েন্দা পুলিশ, থানা পুলিশে খোঁজাখুঁজি করেও শাহাদাতের কোনো সন্ধান পাচ্ছে না রফিকুল ইসলাম নরসিংদী পুলিশ সুপার, র্যাব-১১ নারায়ণগঞ্জ ও র্যাব-৩ ঢাকা, ডিবি নরসিংদী, নরসিংদী সদর মডেল থানা, মাধবদী থানাসহ বিভিন্ন থানায় যোগাযোগ করে তার ছেলেকে উদ্ধার করতে তাদের সহযোগিতা চেয়েছেন।
