সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৮
ময়মনসিংহের ভালুকা, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। ভালুকা সংবাদদাতা জানান, উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার নামকস্থানে রবিবার রাতে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২জন নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়। পুলিশ জানায়, ঘটনার সময় ওই স্থানে ময়মনসিংহগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে উপজেলার মেদুয়ারী গ্রামের মজিবর রহমান নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক ভরাডোবা গ্রামের ইরফান মারা যায়। সিরাজদিখান সংবাদদাতা জানান, রবিবার রাতে উপজেলার ঢাকা-মরিচা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজ সংলগ্ন স্থানে গাড়ির চাপায় অজ্ঞাত (৪৫) ব্যক্তি নিহত হয়েছে। নিহতের পরনে ছিল ফতুয়া ও লুংগি। এদিকে চাটমোহর সংবাদদাতা জানান, উপজেলার মহেলা গ্রামে চলন্ত ট্রলির চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা মহেলা মাঠপাড়া গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী ছবুরা খাতুন (৫৫)। গত রবিবার সন্ধ্যায় ছবুরা রাস্তার পাশে জ্বালানির জন্য খড় কুড়ানোর সময় একটি চলন্ত ট্রলি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। ঐ দিনই পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।