ইয়াবা কেনার টাকা না পেয়ে গলাকেটে বাবাকে হত্যার চেষ্টা!

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৩৫

ইয়াবা কেনার টাকা না পেয়ে গলাকেটে বাবাকে হত্যার চেষ্টা করেছে নেশাগ্রস্ত ছেলে। শুক্রবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল উজির আলী লেন এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাবাকে হত্যার চেষ্টাকারী সেই ছেলেকে পরে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার মা।

বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, আটক ইরফান ইয়াবায় আসক্ত। মা-বাবার কাছে ইয়াবা সেবনের জন্য টাকা চেয়ে না পেলে প্রতিদিন সে বাসায় ভাঙচুর চালায়, মা-বাবা ও ভাইকে মারধর করে। শুক্রবার রাত তিনটার দিকে সে নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে বাসার জানালার কাচ ভাঙচুর শুরু করলে তার ভাই রবিন তাকে বাধা দেয়। এ সময় সে রবিনকে মারধর করতে থাকে। তার বাবা শেখ মো. লেদু ছেলে রবিনকে রক্ষা করতে গেলে ইরফান তার বাবার গলায় ধারালো ক্ষুর দিয়ে পোচ দিতে কয়েক দফা  চেষ্টা করে। তবে রবিন ও তার মার প্রতিরোধে সে তাতে সক্ষম হয়নি।  এক পর্যায়ে ইরফানের মা হিরুকা ইয়াসমিন থানায়  ফোন করে পুলিশকে তাদের বাঁচানোর জন্য অনুরোধ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে ইরফানকে পুলিশের হাতে তুলে দেন তার মা। এ সময় ইরফানের কাছ থেকে ধারালো দুটি ক্ষুর উদ্ধার করা হয়। স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে হিরুকা ইয়াসমিন বাদী হয়ে ছেলে ইরফানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।