ভেড়ামারা পৌরসভার মেয়রের বাথরুম থেকে ককটেল উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৩
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানার অফিস সংলগ্ন বাথরুম থেকে গতকাল সোমবার দুপুরে লাল টেপ দিয়ে জড়ানো ১টি তাজা ককটেল পুলিশ উদ্ধার করেছে। ভেড়ামারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে আতংক ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বোমাটি এখন পানির বালতিতে রাখা আছে। ভেড়ামারা থানা পুলিশ ও পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভেড়ামারা পৌরসভার কার্যালয়ের অফিস কক্ষে গতকাল আসেন পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা। জনৈক রাসেল গতকাল দুপুর ১টার দিকে অফিস কক্ষ সংলগ্ন টয়লেটে যান। টয়লেটের ভেন্টিলেটরের ভিতরে থাকা লাল টেপ দিয়ে মোড়ানো ১টি ককটেল তার চোখে পড়ার পর তিনি পৌর মেয়রকে অভিহিত করেন। পরে ভেড়ামারা থানা পুলিশ বোমাটি উদ্ধার করে। ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা বলেন, সারাদেশে জামায়াত-শিবিরের নাশকতার অংশ হিসাবে এই বোমাটি রাখা হয়েছিল বলে আমরা ধারণা করছি। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম জানান, যারা বোমা রেখে গেছে তাদের আটকের চেষ্টা চলছে।