পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তানে শিয়া ও সুন্নি সমপ্রদায়ের সহিংসতার পেছনে বড় ধরনের ‘বৈশ্বিক চক্রান্ত’ রয়েছে। গতকাল সোমবার লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, বৃহত্তর বৈশ্বিক ষড়ষন্ত্রের অংশ হিসেবে ইরাক, লেবানন ও বাহরাইনের মতো পাকিস্তানেও সামপ্রদায়িক সহিংসতা হচ্ছে। করাচিতে জোড়া বোমা হামলায় ৪৫ জন নিহত ও ১৫০ জন আহত হওয়ার একদিন পর ইমরান খান এ অভিযোগ করেন। খবর ডননিউজের।
ইমরান খান পাকিস্তানের এ পরিস্থিতির দায় চাপান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এম) প্রধান নওয়াজ শরীফের ওপর। তিনি অভিযোগ করেন, দেশের পরিস্থিতির দিকে মনোযোগ দেয়ার সময় নেই জারদারির। এসব দুর্নীতিবাজ রাজনীতিবিদ গত পাঁচ বছরে বিলিয়নিয়ার হয়ে গেছেন। দেশের দুই বড় রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে সন্ত্রাসীদের সঙ্গে আসন ভাগাভাগি করছেন বলে অভিযোগ করেন তিনি। আসন্ন নির্বাচনে সশস্ত্র জঙ্গি আছে এমন দলকে নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন ইমরান খান।
