পরপর দুই মেয়াদের বেশি ব্যাংক পরিচালক পদে থাকা যাবে না

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৫৫
বিদ্যমান আইনকে সময়োপযোগী করে দেশের ব্যাংক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে ব্যাংক কোম্পানি আইন (সংশোধনী) ২০১৩ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া ব্রিফিংয়ে বলেন, ব্যাংক কোম্পানি আইনে এর আগে ২০০৩ সালে সংশোধনী আনা হয়। কিন্তু বিগত ১০ বছরে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে আন্তঃসীমান্ত ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন সংযুক্ত করে এই আইনে আবার সংশোধনী আনার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করা, পুঁজি বাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ। এতে সমবায় কোম্পানিগুলোর বেআইনি ব্যাংকিং বন্ধে ব্যবস্থা নেয়া এবং ঋণ খেলাপীদের সংজ্ঞা ও সুযোগের ব্যাখ্যা রয়েছে। আইনে প্রস্তাব করা হয়েছে, কোন ব্যাংকের একজন পরিচালক ৩ বছর মেয়াদে পর পর দু’বার দায়িত্ব পালন করতে পারবে। এমন দায়িত্ব পালনকারী কোন পরিচালক পুনরায় একই ব্যাংকের পরিচালক হতে চাইলে তাকে কমপক্ষে এক মেয়াদ অপেক্ষা করতে হবে। এছাড়া একই ব্যক্তি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবে না। খসড়া আইনে বলা হয়েছে পুঁজি বাজারে কোন ব্যাংক কোম্পানি পেইড-আপ ক্যাপিটালের ১০ শতাংশের অধিক বিনিয়োগকালে ২০ লাখ টাকা জরিমানা দিতে হবে। এ ধারার লঙ্ঘন অব্যাহত থাকলে পরবর্তীতে এই আইন লঙ্ঘনের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন আরো ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।