থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের অভিষেকের অনুষ্ঠান শুরু হয়েছে। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে গতকাল সাত দশমিক ৩ কেজি ওজনের মুকুট তুলে দেওয়া হলে তিনি তা নিজেই মাথায় পরেন। ২০১৬ সালে তার বাবা রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুর পর সাংবিধানিকভাবে রাজা হন তিনি। খবর বিবিসি’র
স্থানীয় সময় গতকাল সকাল ১০টা ৯ মিনিটে ৬৬ বছর বয়সী রাজার সিংহাসনে আরোহনের আনুষ্ঠানিকতা শুরু হয়। রীতি অনুযায়ী শুদ্ধিকরণ ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে যেতে হয় তাকে। এজন্য সারা দেশের শতাধিক স্থান থেকে পবিত্র পানি সংগ্রহ করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে রাজার কাছে ৭ দশমিক ৩ কেজি ওজনের ‘বিজয়ের মহান মুকুট’ হস্তান্তর করা হয়। তিনি সেটা মাথায় পরেন এবং ন্যায়পরায়ণতার সঙ্গে রাজত্ব চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রথম রাজ ফরমান জারি করেন। ৬৯ বছর আগে একই প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তার বাবা। রাজত্বের প্রতীক হিসেবে রাজা পাঁচটি রাজদণ্ড গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে ‘গ্রেট ক্রাউন অব ভিক্টরি’। অধিকাংশ ব্রাহ্মণ ও বৌদ্ধরা শনিবারকে তাদের রীতি পালনের দিন হিসেবে বেছে নেন। এ অনুষ্ঠান চলবে সোমবার পর্যন্ত।
দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অভিষেক অনুষ্ঠান চলছে। ২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর চলতি বছরের ২৪ মার্চ প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নতুন সরকারের ঘোষণা এখনও দেওয়া হয়নি। থাইল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র থাকলেও রাজপরিবার জনগণের কাছ থেকে প্রচুর সম্মান পেয়ে থাকেন এবং উল্লেখযোগ্যভাবে ক্ষমতাবান। ‘লেসে মাজেস্তে’ নামক কঠোর আইনের মাধ্যমে থাইল্যান্ডের রাজপরিবারের সমালোচনা নিষিদ্ধ।
১৯৫২ সালে ব্যাংককের রাজপরিবারে জন্ম হয় রাজা মহা ভাজিরালংকর্নের। স্কুল জীবন কেটেছে যুক্তরাজ্যে। পড়াশোনা করেছেন মিড স্কুল ও মিলফিল্ড স্কুলে। পরে অস্ট্রেলিয়ার রয়েল মিলিটারি কলেজে পড়াশোনা করেন তিনি। ভাজিরালংকর্নের কর্মজীবনের বেশিরভাগ সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়ে কাটিয়েছেন। পরে তিনি মিলিটারি টাইটেল ও পাইলট লাইসেন্স অর্জন করেন। ১৯৭২ সালে তিনি ক্রাউন প্রিন্স হন এবং একইসঙ্গে সিংহাসনের আনুষ্ঠানিক উত্তরাধিকারীতে পরিণত হন। কয়েকদিন আগেই আশ্চর্যজনকভাবে রাজা ভাজিরালংকর্ন তার দীর্ঘদিনের দেহরক্ষী সুথিদা তিদজাইকে বিয়ে করেন এবং রানি উপাধি দেন। এর আগেও ভাজিরালংকর্ন তিনটি বিয়ে করেন। সেখানে তার সাতটি সন্তান রয়েছে।
