দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক দোকানিকে রাস্তায় একা পেয়ে পথ আটকালো এক ছিনতাইকারী। কিন্তু দোকানিও কম সেয়ানা নয়। ছিনতাইকারীকে একলা পেয়ে তার হাতের চাকু ফেলে দিয়ে বেশ অনেকক্ষণ ধস্তাধস্তি করল সে। একপর্যায়ে আর পেরে না ওঠায় ছিনতাইকারী তার পকেট থেকে মানিব্যাগ বের করে দেখল সেখানে মাত্র দুটো পাঁচ টাকা আর একটা দু’টাকার নোট। ছিনতাইকারী বলল, ‘আশ্চর্য লোক তো তুমি। মাত্র বারো টাকার জন্য এত ধস্তাধস্তি করলে। তোমার কাছে বারো টাকা আছে জানলে তো আমিই সময় নষ্ট করতাম না।’
‘আমি তো ভেবেছিলাম তুমি আমার জুতার মধ্যে লুকিয়ে রাখা পাঁচশ টাকার কথা জান!’ - উত্তরে জানালো দোকানী!
মা-বাবার সাথে দোকানে আসা বাচ্চারা যেন দোকানের সামনের দিকে রাখা বাবলগাম বা চুইংগাম দেখে বায়না না করতে পারে সেজন্য এক দোকানি তার দোকানের একেবারে সবচেয়ে উঁচুর দিকের তাকে বাবলগাম লুকিয়ে রাখতেন। এই বিষয়টি কী করে যেন টের পেয়ে গেল এলাকার তিন দুষ্টু ছেলে। তাই তারা একদিন স্কুল শেষে ওই দোকানের সামনে যেয়ে হাজির হলো। প্রথম জন দোকানির দিকে দশ টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে পাঁচটা বাবলগাম চাইল। দোকানি অনেক কসরত করে টুলের উপর দাঁড়িয়ে পাঁচটি বাবলগাম নামিয়ে যেই না আবার বয়ামটা উপরে তুলে রেখেছেন তখন দ্বিতীয় ছেলেটিও পাঁচটি বাবলগাম চাইলো। দোকানির বুঝতে বাকি রইল না যে এরা তাকে কষ্ট করানোর জন্যই একজন একজন করে বাবলগাম চাইছে আর তাকে উঁচু তাকে ওঠাচ্ছে। তাই দ্বিতীয় ছেলেটির জন্য বাবলগাম আনতে যাওয়ার আগেই তিনি তৃতীয় ছেলেটিকে জিজ্ঞেস করলেন, ‘তোমারও কি পাঁচটা বাবলগাম লাগবে না কি?’ উত্তরে না-সূচক জবাব দিল ছেলেটি। অবশেষে দোকানী যখন আরও একবার কষ্ট করে নতুন পাঁচটি বাবলগাম নিয়ে এলেন তখন তৃতীয় ছেলেটি বলল, ‘এবার আমাকে তিনটি বাবলগাম দিন।’
