প্রশিক্ষণের জন্য ভারতে গিয়েছিল হামলাকারীরা

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৪৩

শ্রীলঙ্কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মহেশ সেনানায়েক বলেছেন, ইস্টার সানডের দিনে হামলাকারীরা প্রশিক্ষণের জন্য ভারত সফরে গিয়েছিল। বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাত্কারে সেনাপ্রধান এই মন্তব্য করেন। এই প্রথম দেশটির কোনো শীর্ষ কর্মকর্তা হামলাকারী জঙ্গিদের বাইরের কোনো দেশে সফর নিয়ে মন্তব্য করলেন। খবর হিন্দুস্তান টাইমস ও ইকোনোমিক টাইমসের।

শ্রীলঙ্কার সেনাপ্রধান বলেন, আমাদের কাছে তথ্য আছে যে হামলাকারী সন্ত্রাসীরা ভারতের বেঙ্গালুর, কাশ্মির এবং কেরালা রাজ্য সফর করেছিল। খুব সম্ভবত তারা সন্ত্রাসী হামলার প্রশিক্ষণের জন্য গিয়েছিল। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তারা হয়তো প্রশিক্ষণ কিংবা দেশের বাইরের কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে ভারত সফরে গিয়েছিল। গত ২১ এপ্রিল ৯ জন আত্মঘাতী তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ আটটি স্থানে হামলা চালায় যাতে ২৫৩ জন নিহত এবং ৫ শতাধিক আহত হন। আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করলেও কোনো প্রমাণ দেয়নি। শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী হামলার জন্য স্থানীয় ন্যাশনাল তাওহীদ জামাতকে দায়ী করছে। বিদেশি কোনো সংস্থার হামলার সঙ্গে যোগসাজস আছে কি না এমন এক প্রশ্নের জবাবে মহেশ সেনানায়েক বলেন, আমরা হামলার ধরন এবং বিভিন্ন স্থান সফরের বিষয়টি পরীক্ষা করে দেখছি। হয়তো বিদেশি কোনো সংস্থার নেতৃত্ব বা নির্দেশনা থাকতে পারে। প্রসঙ্গত, হামলার আগে ভারত ৪, ১০, ১৬ এবং ২০ এপ্রিল শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল। এমনকি হামলার দুই ঘন্টা আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থা হামলার সতর্কবার্তা পাঠিয়েছিল।

সৌদিতে দুই সন্দেহভাজন আটক

শ্রীলঙ্কায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন-সাংরিলা হোটেলে হামলাকারী জাহরান হাশিমের শ্যালক মাওলানা রিলা এবং শাহনেওয়াজ। ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।