মোহনগঞ্জ উপজেলার প্রত্যন্ত গাগলাজুর ইউনিয়নের কংস-ধনু নদী বিধৌত ‘ভাটি বাংলা জুনিয়র’ স্কুলটি এখন বিধ্বস্তের পথে। যে কোন সময় স্কুলটির একমাত্র টিনসেড ঘরটি ভেঙ্গে যেতে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে। স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়টি সংস্কারের জন্য মানববন্ধন পর্যন্ত করেছে। ২০০৫ সনে স্থানীয় লোকদের উত্সাহে হাওর এলাকার ছেলেমেয়েদের লেখা পড়ার জন্য এই স্কুলটি স্থাপন করা হয়। ভাটি এলাকা হিসাবে স্কুলের নাম দেয়া হয় ভাটি বাংলা জুনিয়র হাই স্কুল। এই এলাকার প্রাইমারী স্কুলের লেখাপড়ার পর শিক্ষার্থীরা তাদের সুবিধার জন্য নিকটবর্তী এই জুনিয়র স্কুলে ভর্তি হয়। কিন্তু স্কুলটি কংস নদীর পাড়ে হওয়ায় প্রতিবছর স্কুলের নিচ এলাকা থেকে মাটি সরে যাওয়ায় স্কুলের ভিত খুবই দুর্বল হয়ে পড়েছে। বাঁশের বেড়া দিয়ে এখন কোনমতে স্কুলটিকে টিকিয়ে রাখা হয়েছে।
