উপকূলীয় নদ-নদীর ভাঙনপ্রবণ অঞ্চল চি?িহ্নত করে তার উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা, বাগেরহাট, বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে ৬০০ কিলোমিটার বাঁধ নির্মাণ বা সংস্কার হবে ‘উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের’ আওতায়। ২০১৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২০ সালে। প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান জানান, এই প্রকল্প শেষ হলে ক্ষেত্র বিশেষে ছয় থেকে সর্বোচ্চ সাড়ে সাত মিটার পর্যন্ত বাঁধ উঁচু হবে। আগামী ১০০ বছরেও এই বাঁধের কোনো ক্ষতি হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফণীর কারণে উপকূলীয় এই প্রকল্পের অধীনে ১০টি পোল্ডারের কোথাও ভাঙেনি। তবে দাকোপ ও বাগেরহাটের একটি বাঁধে সমস্যা ছিল। তাত্ক্ষণিক পদক্ষেপ নিয়ে তা রক্ষা করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো অনেক আগের। ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান আমলে এসব বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। তখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিমাপ করে করা হলেও এখন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে নদীর গতিপ্রকৃতি ঝড় জলোচ্ছ্বাসের প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে এখন উপকূলীয় অঞ্চল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে।
