বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। পার্শ্ববর্তী উত্তর রাজাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান (৩২) গত ২৮ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার সময় মেয়েটিকে তুলে নিয়ে তিন দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়। এঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক মোস্তাফিজুর রহমান এবং সহযোগীতাকারী মারুফা ওরফে কালা বেগম ও তার স্বামী দেলোয়ার হোসেনসহ তিন জনকে আসামি করে সোমবার রাতে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার দুই নম্বর আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মো. পান্না মিয়া জানান, বিয়ে পাগল মোস্তাফিজ কোনো কাজবাজ করে না। সে ইতোমধ্যে দুই-তিনটি বিয়ে করেছে। সে এলাকায় বখাটে হিসেবেই পরিচিত। স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের ঘটনা সত্য বলে জানিয়েছেন তিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ পিপিএম জানান, বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
