সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় পুলিশের হাতে আটক বাংলাদেশি তিন কয়লা শ্রমিককে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ -৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম মাকসুদুল হক জানান, ‘আটক ৩ বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে অনেক ভেতরে ঢুকে যাওয়ায় বিষয়টি বিএসএফ’র এখতিয়ারের মধ্যে না থেকে পুলিশের হাতে চলে গেছে। এজন্য পতাকা বৈঠকে বিএসএফ’র দায়িত্বশীলরা এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানিয়েছেন।’ সোমবার সন্ধ্যায় তাহিরপুর সীমান্তের বড়ছড়া এলাকার ৩ বাংলাদেশি শ্রমিক কয়লা কুড়াতে কুড়াতে ভেতরে ঢুকে যাওয়ায় ভারতীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করে। ধরে নেয়া তিন কয়লা শ্রমিক হল, মো. মতি মিয়া, মো. আতাবুর ও মো. সিদু মিয়া। তাদের বাড়ি বড়ছড়া এলাকায়।
