গেমারদের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি রয়েছে অ্যাকশন গেমের ভক্ত। তার প্রমাণ পাওয়া যায় নিত্যনতুন সব অ্যাকশন গেমের মুক্তির খবরে। একেকটা করে অ্যাকশন গেম বাজারে আসে আর হামলে পড়ে গেমাররা। অ্যাকশন গেমগুলোর জনপ্রিয়তার মাত্রাও আকাশছোঁয়া। বাজারে নিত্যনতুন সব অ্যাকশন গেম থাকলেও নতুন আরও গেমের অপেক্ষাতেই সময় কাটে গেমারদের। আগামী মাসখানেক সময়ের মধ্যেও তেমনি বেশকিছু অ্যাকশন গেম বাজারে আসতে যাচ্ছে। গেম সমালোচকরা আশা করছেন, এই গেমগুলো সাড়া ফেলবে বাজারে। এসব গেমের মধ্যে ৫টির কথা তুলে ধরা হলো এই লেখায়।
বায়োশক:ইনফাইনাইট
বায়োশক সিরিজের গেমটি শুরু থেকেই জনপ্রিয় গেমারদের মাঝে। এ গেমটিরই নতুন একটি পর্ব নিয়ে কাজ করছে নির্মাতা ইর্যাশনাল গেমস। আগের পর্বের মতোই এটি হবে ফার্স্ট পারসন শুটার গেম। ১৯১২ সালের যুক্তরাষ্ট্রের পটভূমিকায় তৈরি হয়েছে এই গেমটি। কাল্পনিক এক শহরে বাস করে এই গেমের চরিত্ররা। বুকার ডিউইট নামের এক গোয়েন্দা হিসেবে খেলতে হবে এই গেম আর খুঁজে বের করতে হবে এলিজাবেথ নামক এক নারীকে, যে কি না বন্দি হয়ে রয়েছে ১২ বছর ধরে। ধুন্ধুমার সব অ্যাকশনে ভরপুর এই গেম।
গড অব ওয়ার: অ্যাসেনশন
যাদের সনির গেম কনসোল প্লে স্টেশন রয়েছে, তাদের জন্য সুখবর—আসছে অ্যাকশন গেম গড অব ওয়ার। অবশ্য কেবল প্লে স্টেশন ৩-এর জন্যই তৈরি করা হয়েছে গেমটি। এটিও অবশ্য সিক্যুয়েল গেম। আগের পর্বগুলোর মতোই গ্রিক মিথলোজির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে গেমটি। কম্বোনির্ভর এই গেমে গেমারের মূল অস্ত্র হবে ‘ব্লেড অব ক্যাওস’। পরে অবশ্য আরও অস্ত্র সংগ্রহ করা যাবে। এই পর্বে আবার ফিরে আসছে জনপ্রিয় চরিত্র ক্রাটোস।
টুম্ব রাইডার
যে কয়েকটি গেম সিনেমা জগতেও অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে অন্যতম টুম্ব রাইডার। অ্যাঞ্জেলিনা জোলির কল্যাণেই লারা ক্রফট পৌঁছে যায় গেমারদের বাইরে। টুম্ব রাইডারের নতুন পর্ব এবার আসতে যাচ্ছে বাজারে। এই নতুন পর্বের গেমটিতে অবশ্য লারা ক্রফটকে নতুন করে চিত্রায়ন করা হয়েছে। গেমে লারার জাহাজটি ঝড়ের কবলে পড়ে এবং ড্রাগন ট্রায়াঙ্গলে লারা অন্যান্য কিছুর সাথে একটি নির্জন দ্বীপে আটকা পড়ে। এখানে বাঁচার সংগ্রামের কাহিনী নিয়েই এগিয়ে যাবে গেমটি।
ক্রাইসিস ৩
উন্নত গ্রাফিক্সের জন্য যে কয়েকটি অ্যাকশন গেম জনপ্রিয়তার তুঙ্গ স্পর্শ করেছে, তার মধ্যে অন্যতম ক্রাইসিস। ইতোমধ্যেই এর দুইটি পর্ব বাজারে এসেছে এবং দুইটিই অর্জন করেছে তুমুল জনপ্রিয়তা। এর ধারাবাহিকতায় এবারে আসছে এর তৃতীয় পর্ব। হাই-এন্ড গ্রাফিক্স কার্ড নিয়ে যারা উপযোগী গেমটি খুঁজছেন, মূলত তাদের খুশি করতেই আসছে এই গেমটি। আগের পর্বগুলোর মতোই এর মূল চরিত্রটি বহাল থাকবে এই পর্বে। নতুন ধরনের এক স্যুট পড়ে সে হাজির হবে নিউইয়র্কে। এই গেমটির কাহিনী শুরু হবে ২০৪৭ সালে। এই কাহিনীর সময়টা আগের পর্ব শেষ হওয়ার ২৪ বছরের পরে। গেমটির নির্মাতারা জানিয়েছেন, আগের পর্বগুলোর মতোই এই পর্বেও রয়েছে ব্যাপক অ্যাকশন আর সেইসাথে গ্রাফিক্সের পারফরম্যান্স আগের পর্বগুলোকেও ছাড়িয়ে যাবে।
গিয়ারস অব ওয়ার: জাজমেন্ট
ডেমন বেয়ার্ডের কথা নিশ্চয় মনে রয়েছে অনেকেরই। অগাস্টাস কোলকেও ভুলে যাননি অ্যাকশন গেম পাগলরা। এই গেমটির প্রিকুয়েল হিসেবেই তৈরি করা হয়েছে গিয়ারস অব ওয়ার:জাজমেন্ট গেমটি। এই গেমটিতে থাকছে ধুন্ধুমার অ্যাকশন। বাহারী সব অস্ত্রশস্ত্র নিয়ে অগাস্টাস কোলকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এই গেমে। এই গেমটিকে অবশ্য একা একা যেমন খেলা যায়, তেমনি মাল্টিপ্লেয়ার হিসেবেও দুই ধরনের মোড রয়েছে।
