হাতঘড়ি অনেকের কাছেই অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। অনেকের কাছেই আবার হাতঘড়ি একটি ফ্যাশনের অনুষঙ্গ। তবে সাম্প্রতিক সময়ে হাতঘড়ি প্রযুক্তি বিশ্বেও অত্যন্ত আলোচিত একটি পণ্য। ‘স্মার্টওয়াচ’ ধারণাই হাতঘড়িকে এতটা আলোচিত করেছে। হাতঘড়িতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের সাথে সংযুক্ত করার মতো একটি অনন্য ডিভাইস হিসেবে ডিজাইন করার ধারণা নিয়ে কাজ করছে অনেকেই। এর মধ্যে সনিও তৈরি করেছে এরকম একটি স্মার্ট হাতঘড়ি। এরকমই আরেকটি ঘড়ি হলো ‘আই’ম ওয়াচ’। বাঁকানো একটি টাচস্ক্রিনের এই ঘড়িতে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। এতে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশনও ব্যবহার করা যায়। এর মাধ্যমে টেক্সট করা যায় এবং কলও করা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এই ঘড়িতে ব্লুটুথও রয়েছে। ফলে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথেই একে সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা যায় স্মার্টফোনটিকে।
