পিরোজপুরে হাঁস নিয়ে ঝগড়ার জেরে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৪৮

পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে হাঁস নিয়ে ঝগড়ার জেরে রফিক হাওলাদার (৪৫) নামে এক কৃৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহত রফিক একপাই জুজখোলা গ্রামের মৃত রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী বিকাশ হালদারের কয়েকটি হাঁস রফিকদের হাঁসের সঙ্গে তাদের বাড়িতে যায়। শুক্রবার হাঁসগুলো বিকাশ হালদারকে ফিরিয়ে দেন রফিক। এদিন দুপুর ২টার দিকে বিকাশ ও তার ছেলে পল্লব এবং বিপ্লব রফিকের বাড়িতে এসে জানায়, ফেরত দেওয়া হাঁসগুলো তাদের ছিল না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে তারা রফিককে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন রফিককে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে।