ভোলার চরফ্যাশন উপজেলায় ট্রাক উল্টে চালক ও হেলপারসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চর নিউটন গ্রামের সোবহান মাঝি বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক আবু জাহের (২৫), হেলপার আনোয়ার হোসেন (১৫), ট্রাকে থাকা জাহিদুল ইসলাম শাকিব (১৫)। আহতরা হলেন- আনোয়ার (১৫) ও সোহেল (১৫)।
নিহত আবু জাহের নীলফামারীর ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আনোয়ার চরফ্যাশন উপজেলার চর নিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমাদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন এবং হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
