ভিডিও স্ট্রিমিং সাইট হিসেবে ইউটিউবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ওয়েবসাইট এখনও তৈরি হয়নি। এককথায় সারা বিশ্ব মাত করে রেখেছে গুগল’র এই সার্ভিসটি। তবে ভিডিও স্ট্রিমিংয়েই নিজেদের সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেই ইউটিউবের। অডিও স্ট্রিমিংয়ের দিকেও এবারে ঝুঁকে পড়তে যাচ্ছে তারা। অডিও স্ট্রিমিং সার্ভিস অবশ্য গুগল নিজেই চালু করেছে তাদের গুগল প্লে’র মাধ্যমে। তবে এর বাইরেও ইউটিউবের নিজস্ব এবং পৃথক সার্ভিস হিসেবেই অডিও স্ট্রিমিং যোগ হতে যাচ্ছে। স্পটিফাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে এটি বাজারে আসতে যাচ্ছে বলেই মন্তব্য এই খবরে প্রযুক্তি বিশ্লেষকদের। গত মাসেই জানা যায়, একটি অডিও কোম্পানির সাথে গুগল’র কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বর্তমানে গুগল প্লেতে গান কেনা এবং বিভিন্ন ডিভাইস থেকে সেগুলো শোনার ব্যবস্থা থাকলেও নতুন যে সার্ভিসটি চালু হতে যাচ্ছে, তার মাধ্যমে গ্রাহকরা মাসিক একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে লক্ষ লক্ষ গান শোনার সুযোগ পাবেন। ইউটিউবের এই সার্ভিসটিতে বিনামূল্যে এসব লক্ষ লক্ষ গান শুনতে পারবেন গ্রাহকরা। আর অর্থ খরচ করলে বিজ্ঞাপন ছাড়াই গান শোনার সুবিধা পাওয়া যাবে এই সার্ভিসে। বলতে গেলে স্পটিফাইয়ের মতোই হবে এই সার্ভিসটিও। এ বিষয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ইউটিউবের পক্ষ থেকে।
