চরভদ্রাসনে ইজারার জলাশয়ের মাছ লুট

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:২০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক জলমহালে মঙ্গলবার পলো দিয়ে মাছ লুটপাট করেছে গ্রামবাসী। নয়াডাঙ্গী গ্রামের আলম তালুকদারের (৫৫) নেতৃত্বে কোলজুড়ে প্রায় ২ শতাধিক গ্রামবাসী সারিবদ্ধভাবে পলো দিয়ে মাছ শিকার করেন। এতে উক্ত জলমহালের ইজারাদার সাঈম হোসেন (৩৫) প্রায় ১ লাখ টাকার মাছ লুট হয়েছে বলে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকাবাসী আকস্মিকভাবে লোহারটেক জলমহালে পলো দিয়ে মাছ ধরতে নামেন। সৌখিন মাছ শিকারী শাহাজাহান সেখ (৪৫) বলেন,“বছরে দু’একদিন গাঙ্গে পলো বাইবো তার আবার বাধা-নিষেধ কি”! কোল ইজারাদার সাঈম হোসেন জানান, ১৪১৮ বাংলা সালের চৈত্রমাসে উক্ত কোলটি ৩ বছরের জন্য ৯৫ হাজার ১৬৫ টাকা দিয়ে তিনি লীজ নেন। ঢেউখালী মত্স্যজীবী সমিতির জেলে গণেশ মালু এর নামে কোলটি ইজারাপ্রাপ্ত হন। মাছ শিকারের জায়গাটি সদরপুর মৌজার মধ্যে পড়ায় গ্রামবাসীর মাছ লুটের কথা সদরপুর থানা পুলিশকে জানালেও তারা বিষয়টি আমলে নেয়নি বলে ইজারাদার জানান।