নগরকান্দায় পিঁয়াজ ক্ষেতে মড়ক

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:২৩
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা পিঁয়াজ চাষে খ্যাত ফরিদপুরের নগরকান্দায় পিঁয়াজ চাষে হঠাত্ মড়ক লাগায় চাষীরা হতাশ। গাছের পাতা শুকিয়ে গোড়া পচে যাচ্ছে। আশানুরূপ ফলন না হওয়ার আশংকায় ভুগছে কৃষক। ঋণ পরিশোধের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে উপজেলার পিঁয়াজ চাষীরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে চলতি বছরে সাড়ে চার হাজার হেক্টর জমিতে পিঁয়াজের চাষ হয়েছে। যা গতবছরের তুলনায় সাড়ে পাঁচ হেক্টর বেশি। উপজেলার বাগাট গ্রামের ফারুক মিয়া, রঘুরদিয়া গ্রামের নান্নু মোল্যা, বেতাল গ্রামের সিরাজ মাতুব্বরসহ অনেক চাষী জানান, হঠাত্ করে পিঁয়াজ গাছের পাতা মরে হলুদ হওয়াসহ গোড়া পচে যাচ্ছে। ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে উচ্চসুদে ঋণ নিয়ে পিঁয়াজের চাষ করেছি। ফলন ভাল না হলে ঋণ শোধ করতে হিমশিম খেতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা গোপাল চন্দ্র দাস জানান, হঠাত্ করে পিঁয়াজের ক্ষেতে পারপোল ব্রোজ নামক ভাইরাসে আক্রান্ত হওয়ায় আমি সরেজমিনে গিয়েছি। চাষীদের রুবরাল, রিডোমিল ও নাটিভো নামক কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছি। আশা করছি এইসব কীটনাশক ক্ষেতে প্রয়োগ করলে মড়ক থেকে মুক্তি পাবে।