গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় নব্য জেএমবির সদস্য জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একইসঙ্গে আগামী ৩ ডিসেম্বর এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রাখা হয়েছে। গতকাল সোমবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
রাজীব গান্ধী ছাড়াও আসামি নব্য জেএমবির সদস্য রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অভিযোগ গঠনের পূর্বে কারাগারে থাকা ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ পাঠ করে শোনান বিচারক। ওই অভিযোগ শুনে রাজীব গান্ধী ছাড়া সকলেই নিজেদের নির্দোষ দাবি করেন। তারা বলেন, জঙ্গি হামলার সময় বাইরে পাহারায় ছিলাম।
এরপরই অব্যাহতির আবেদন খারিজ করে সকলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
গত ২৩ জুলাই পলাতক দুইজনসহ মোট আট জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ঘটনার প্রত্যক্ষদর্শী ১৪৯ জনসহ মোট ২১১ জনকে সাক্ষী করা হয়।
২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা করে সেখানে থাকা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। পরদিন সকালে যৌথ বাহিনী থান্ডারবোল্ট নামে কমান্ডো অপারেশন চালায়। তাতে ছয় জঙ্গি নিহত হয়। জিম্মিদশা থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জনকে। জঙ্গি হামলার ওই ঘটনায় মোট দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হন। এ ঘটনার তিনদিন পর ২০১৬ সালের ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।
