উখিয়ায় নববধূ খুন স্বামী গ্রেফতার

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২১:২৪
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের উখিয়ায় যৌতুক লোভী পাষণ্ড স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের হাতে নির্মমভাবে খুন হয়েছে নববধূ সুমি আক্তার (১৬)। গত মঙ্গলবার সকালে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া ফৈজাবাপের পাড়া গ্রামে ঘটনাটি ঘটে । হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ সুমি আক্তারের স্বামী মোহাম্মদ ইউনুছকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত প্রায় ৮ মাস পূর্বে মোবাইল ফোনে মন দেয়া-নেয়ার এক পর্যায়ে মোহাম্মদ ইউনুছ ও সুমি পালিয়ে বিয়ে করে। নিহত সুমি টেকনাফের খোন্দকারপাড়া এলাকার মেয়ে বলে জানা গেলেও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ । স্থানীয় লোকজনের অভিযোগ ইউনুছ ও তার পরিবার এলাকায় উচ্ছৃংখল হিসাবে পরিচিত। গত ২/৩দিন আগেও স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের মুখে সুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বামীসহ অন্যরা তাকে ধরে ঘরে আটকিয়ে রেখে নির্যাতন করে। অসহনীয় নির্যাতনের শিকার সুমি আক্তার গত মঙ্গলবার সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। উখিয়া থানার ওসি (তদন্ত) নীলু কান্তি বড়ুয়া বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে স্বামী ইউনুছকে গ্রেফতার করা হয়েছে।