চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
গত মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল থানা পুলিশ উপজেলার মনোহরপুর গ্রাম থেকে খুন হওয়া ইমান হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে নিহত ইমান হোসেনের ছেলে রিয়াজ হোসেন রেদওয়ান বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের মনোহরপুর গ্রামের জেরউদ্দিন পাটওয়ারী বাড়ির ইমান হোসেন বাড়িতে একা বসবাস করতেন। তার স্ত্রী ও সন্তানেরা ঢাকায় বসবাস করেন। এ সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা গত ২/৩ দিন পূর্বে ঘরে ঢুকে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘরের দরজা বন্ধ রেখে চলে যায়।
