চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ একযুগ ধরে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। রোদ-বৃষ্টি, ঝড়-শীত ও চরম ঝুঁকি মাথায় নিয়ে কোমলমতি শিশুরা এখানে শিক্ষা আহরণ করছে। এ ঘটনায় বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোন কাজ হয়নি। সরেজমিন গিয়ে জানা গেছে, ১৯১৪ সালে সুমন্ত রায় নামের একজন উপজেলার ৩৭ নং শিবপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারি ঘোষণা করা হয়। পরে সরকারিভাবে ৪ কক্ষবিশিষ্ট একটি বিল্ডিং করা হয়। প্রায় ২২-২৩ বছর ধরে ওই ভবনে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। এরপর ওই ভবনটি পরিত্যক্ত হলে ১৯৯৩-৯৪ সালে ৪ কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু নিম্নমানের কাজ করায় মাত্র ৫ বছরের মাথায় ভবনের ছাদ ও পিলার ধসে পড়া শুরু করে। সেই থেকে রোদ-বৃষ্টি, ঝড় মাথায় নিয়ে খোলা আকাশের নিচে ক্লাস শুরু হয়।
