রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
সারাদেশে ১৮ দলীয় জোটের সরকার-বিরোধী আন্দোলন যখন বেগবান হতে চলেছে তখনও রায়পুরা উপজেলা বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। জোটের বিভিন্ন কর্মসূচিতে খুব একটা মাঠে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। ফলে রায়পুরা উপজেলায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে সরকার-বিরোধী আন্দোলন।
জানা যায়, উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে চলে আসছে অভ্যন্তরীণ কোন্দল। আর এ কোন্দল দীর্ঘদিনেও নিরসন না হওয়ায় এখন সেটি প্রকাশ্য রূপ নিয়েছে। ফলে বিএনপির কেন্দ্রীয় কোন কর্মসূচি এখানে যথাসময়ে পালন হচ্ছে না। যদিও কোন কর্মসূচি পালন হয়ে থাকে তা সমপূর্ণ পৃথক নেতৃত্বে ও পৃথক স্থানে। এদিকে বিএনপির দলীয় কোন্দলকে পুঁজি করে মাঠ দখল করে আছে আওয়ামী লীগ। তাইতো জোটের কর্মসূচিগুলোতে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই মাঠে পাওয়া যায় সবচেয়ে বেশি। তাছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৩ দলেরই কোন অস্তিত্ব নেই রায়পুরা উপজেলায়। শরীক দল জামায়াতসহ ৩/৪টি দল থাকলেও তাদের নেতাকর্মীদের হরতাল কর্মসূচিতে মাঠে দেখা যায়নি। ফলে দেশের প্রধান বিরোধী দল বিএনপি সঙ্গীহীন হয়ে পড়ায় এ উপজেলায় সরকার-বিরোধী আন্দোলন স্তিমিত হওয়ার কারণ হিসেবেও উল্লেখ করেন অনেকে। এমনকি গত মঙ্গলবারও বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
এ ব্যাপারে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী মুন্সীর সাথে কথা হলে তিনি সরকার বিরোধী আন্দোলন বেগবান না হওয়ার কারণ হিসেবে দলীয় কোন্দলের কথা উল্লেখ করেন।
