গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ছেলেটির নাম সফিকুল ইসলাম। বয়স ৩২ বছর। শৈশব থেকেই সে মানসিক প্রতিবন্ধী। বাড়ি থেকে বাজারে যাওয়ার পর গত ২ মাস ধরে নিখোঁজ রয়েছে টগবগে যুবক সফিকুল। বড় ভাই সফিকুলকে খুঁজতে বেরিয়েছিল ছোট ভাই আল আমীন। গত ১৫ দিন ধরে আল আমিনের কোন খোঁজ-খবর নেই। সহোদর দুই ভাইয়ের একসাথে নিখোঁজ হওয়ার ঘটনাটি আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামে চাঞ্চল্য ও আতংক সৃষ্টি করেছে। দুই পুত্রকে হারিয়ে বৃদ্ধ পিতা নুরুল ইসলাম এখন পাগল প্রায়।
জানা গেছে, বিশনন্দী গ্রামের নুরুল ইসলামের ৫ সন্তানের মধ্যে ৩ পুত্র ও ২ মেয়ে। ছেলেদের মধ্যে বড় ছেলে সফিকুল ইসলাম মানসিক প্রতিবন্ধী। সে তরতাজা যুবক হলেও মানসিক বৃদ্ধি ঘটেনি। বাবা-মা, ভাই-বোন ও পাড়া-প্রতিবেশীকে চিনলেও এর বেশি কিছু জানে না। তার আচার-আচরণ ছিল অনেকটা শিশুর মতো। দুই মাস আগে বাজারে গিয়ে নিখোঁজ হয় সফিকুল। বিভিন্ন জায়গায় সাধ্যমত খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। বাবা-মায়ের কান্না থামাতে বড় ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে ছোট ভাই আল আমিন। দুই সপ্তাহ অতিবাহিত হলেও আল আমিনের খবর নেই। দুই পুত্রকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে নুরুল ইসলাম। দুঃখভারাক্রান্ত মনে তিনি আড়াইহাজার থানায় জিডি করেছেন।
কোন হূদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকলে ০১৮৩৪৪৯৮৯০৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
