ধামরাইয়ে আওয়ামী লীগের সমাবেশ
ধামরাই সংবাদদাতা \ যুদ্ধাপরাধী, রাজাকার ও মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করার দাবিতে ধামরাই থানা আওয়ামী লীগ গতকাল বুধবার সমাবেশ ও গণমিছিল করে। থানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক এতে অংশগ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
দাগনভূঞায় জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ মসজিদের পবিত্রতা রক্ষা, জঙ্গিবাদ প্রতিরোধে র্যালী ও ঈমাম সম্মেলন বুধবার দাগনভূঞা উপজেলা বিআরডিবি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) নিজামউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হোসেন মাহমুদ ও উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা বরকতউল্যাহ বক্তব্য রাখেন।
কালকিনিতে পুরস্কার বিতরণ
কালকিনি(মাদারীপুর)সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি পৌরসভার কাষ্টগর তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার রাতে বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে। সাকিলুর রহমান সোহাগ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর-উর-রহমান।
দাউদকান্দির গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ড
দাউদকান্দি সংবাদদাতা \ মঙ্গলবার রাতে কুমিল্লার বিখ্যাত বাজার গৌরীপুরে অগ্নিকাণ্ডে ৩ দোকানের ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে দোকান পুড়ে ছাই হয়। দাউদকান্দি থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজারে বাল্যবিবাহ প্রতিরোধে মত বিনিময়
গোপালদীবাজার( নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বুধবার বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মানসী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান। বক্তব্য রাখেন ফতেহপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা।
হোমনা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন
হোমনা সংবাদদাতা \ হোমনা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের তিনজন শিক্ষক ও একজন কর্মচারী প্রতিনিধি নির্বাচন বুধবার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মো. আ. গনি ভূঞা, খায়রুল হাসান শিপন, হেলেনা বেগম শিক্ষক প্রতিনিধি ও মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী কর্মচারী প্রতিনিধি নির্বাচিত হন।
বরগুনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বরগুনা মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ করে। নিজস্ব কার্যালয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আবদুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার, ডেপুটি কমান্ডার আবদুল মোতালেব মৃধা, আলহাজ্ব ডা. নূরুউদ্দিন, সাংগঠনিক কমান্ডার বজলুর রশিদ দুলাল, মুক্তিযোদ্ধা হারুনূর রশিদ সিকদার, মতিয়ার রহমান মাস্টার, আবদুস সত্তার, মো. আবদুল কাদের, এএফএম হাবিবুর রহমান প্রমুখ।
জামালপুরে ইসলামী ফাউন্ডেশনের মতবিনিময়
জামালপুর প্রতিনিধি\ জামায়াত শিবিরের সন্ত্রাসী তাণ্ডব রোধে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সোমবার উপজেলা পাবলিক হল মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ইসলামী ফাউন্ডেশন প্রায় ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করে।
মৌলভীবাজারে পল্লী বিদ্যুতের নিরাপত্তা জোরদার
শ্রীমঙ্গল সংবাদদাতা \ সন্ত্রাসীদের দ্বারা ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির বিভিন্ন স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতি তাদের বিদ্যুত্ সরবরাহকারী স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
মুন্সীগঞ্জে ইমামদের সাথে মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ কুসংস্কার, ধর্মীয় অপপ্রচার, অনাচার, জঙ্গীবাদ থেকে দেশ ও জাতিকে রক্ষায় আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বাদল। ইসলামিক ফাউন্ডেশনের ও সদর উপজেলা পরিষদ আয়োজিত এই মতবিনিময়ে সদর উপজেলার প্রায় সকল মসজিদের ইমাম অংশ নেন।
গোয়ালন্দে দু’টি বাড়ি ভস্মীভূত
গোয়ালন্দ সংবাদদাতা \ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর গফুর মন্ডল পাড়ায় আগুন লেগে দু’টি পরিবারের ৫টি ঘর ও একটি ছাগলসহ তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
খাগড়াছড়িতে দুর্ঘটনায় এসআইসহ আহত ৭
খাগড়াছড়ি প্রতিনিধি\ খাগড়াছড়িতে মঙ্গলবার হরতালের দায়িত্ব পালন করতে গিয়ে এক এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। সদর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের ঐ দলটি দায়িত্ব পালনের জন্য গন্তব্যে যাবার সময় জেলা সদরের শহীদ মিনার এলাকায় অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
হরিপুরে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
রানীশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সুন্দরীমোড় বাজার থেকে ৫ মার্চ মঙ্গলবার জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ৭০ গ্রাম গাঁজাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার করা হয়। তার বাড়ি রানীশংকৈল উপজেলার ধর্মগড় চেকপোষ্ট এলাকায়।
দুমকীতে পানের মূল্য বৃদ্ধি
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকীর পানের বরজগুলোতে পান না হওয়ায় পানের দোকানে পান চড়া দামে বিক্রি করছে। বর্তমানে বাজারে এক চল্লি পান ১৫০ টাকায় বিক্রি করছে ব্যবাসয়ীরা। বিপাকে পড়েছে ভুক্তভোগীরা। এক চল্লি পান ক্রয় করতে চার কেজি চাল বিক্রি করতে হচ্ছে।
ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় জমি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ৪ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে নীলফামারী আদালতে প্রেরণ করেছে। থানায় মামলা হয়েছে।
নান্দাইলে কিশোরীর রহস্যজনক মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে লাভলী আক্তার নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মেয়েটির মা তাসলিমা আক্তার জানান, মঙ্গলবার বিকেলে লাভলী আক্তার (১৪) ফসলি ক্ষেতে দেয়ার জন্য ঘরে রক্ষিত কীটনাশক ভুলে খেয়ে ফেলে। নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মো.ইব্রাহিম জানান, তার পাকস্থলিতে মাত্রাতিরিক্ত বিষ জাতীয় পদার্থ দেহে ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোটালীপাড়ায় ইমাম সম্মেলন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মিলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন কোটালীপাড়ার আয়োজনে ইমাম সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর।
মেহেরপুরে পাঁচটি বোমা বিস্ফোরণ
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর-উত্তর শালিকা গ্রামের মাঠে ৫টি বোমা বিস্ফোরণ হয়। মঙ্গলবার রাতে প্রচণ্ড শব্দে বোমাগুলোর বিস্ফোরণ ঘটলে গ্রামবাসীরা আতংকিত হয়ে পড়ে।
সালথায় বাল্যবিবাহের বলি কাকুলী
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথায় বাল্যবিবাহের বলি হলো কাকুলী। জোর করে বিয়ে দেয়ায় বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। ৫ মার্চ রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের দিনমজুর আহাদ শেখের কন্যা রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী কাকুলী আক্তারকে (১২) জোরপূর্বক বোয়ালমারী উপজেলার কালীনগর গ্রামের রাজ্জাক মোল্যার (৬০) সাথে বিবাহ দেয়। পরদিন আহাদ শেখের বাড়ির পাশে গম ক্ষেতে কাকুলির লাশ এলাকার লোকজন দেখতে পায়। কাকুলির পিতা জানান, জোর করে বিয়ে দেয়ায় বিষপান করে আত্মহত্যা করে।
মৌলভীবাজার জাতীয় শিশু প্রতিযোগিতা
মৌলভীবাজার প্রতিনিধি \ বাংলাদেশ ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং ইসলামী ফাউন্ডেশন অব বাংলাদেশ (ইফা) মৌলভীবাজার শাখা পরিচালিত জাতীয় শিশু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বুধবার সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭টি উপজেলা থেকে প্রায় ৩০০ শিশু হামদ/নাত, ক্বেরাত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, আযানসহ ২৫টি বিষয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্জাহান আহমদ।
রানীনগরে কালীগ্রাম স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানীনগরে মঙ্গলবার উপজেলার কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এনামুল হক সাজ্জাদ, আজিজার রহমান, লুত্ফর রহমান ও জাকি আজম এবং মহিলা আসনে দু’জন প্রার্থীর মধ্যে তানজিলা আক্তার বেলি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
কমলগঞ্জের শমশেরনগরে শহীদ শামছু দিবস পালন
কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা \ ১৯৮৬ সালে শমশেরনগর এএটি এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ শামছু মিয়া এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্বৈরাচার এরশাদ সরকার আমলে মাধ্যমিক শিক্ষক ধর্মঘট চলাকালে কমলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র এলাকায় ৬ মার্চ ধর্মঘটের সমর্থনে চলমান বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে শামছু নিহত এবং আরো অনেকেই আহত হন। শহীদ শামছুর ২৭তম দিবস উপলক্ষে গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীরা দিবসটি পালন করেন।
নেত্রকোনায় মতবিনিময় সভা
নেত্রকোনা প্রতিনিধি \ ‘এইচআইভি/এইডস বর্তমান প্রেক্ষাপট’ বিষয়ক বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা মঙ্গলবার সোসাইটির অফিসে ফোরামের সভাপতি শ্যামলেন্দু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর কেন্দ্রের ব্যবস্থাপক শেখ মো. আলী আশরাফ।
