ছাতকে সুরমা নদীর ভাঙ্গনে গ্রাম, ঘরবাড়ি, বাজার, স্কুল, মসজিদ, মন্দির, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। উপজেলার কালারুকা ইউনিয়ন ও ছাতক সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েকশ’ পরিবার নদী ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে। অব্যাহত নদী ভাঙ্গনের ফলে এখানকার ভৌগোলিক মানচিত্র অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। নদীর পাড় সংলগ্ন বসবাসকারী কয়েকশ’ পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেক আগেই অন্যত্র পাড়ি জমিয়েছে। প্রতিদিনই নদীর পাড় ভেঙ্গে পড়ার শব্দে এখানকার মানুষ আতংকিত হয়ে উঠে। গত ১০ বছরে এ অঞ্চলের শতাধিক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে নদী ভাঙ্গনের কারণে। নদী ভাঙ্গন রোধ করা না হলে সুরমা পাড়ের মানুষ আরো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। এলাকার বহু বিত্তবানও ভিটেমাটি হারিয়ে রাস্তায় নেমেছেন। তারা বলেন, সরকার আসছে, সরকার যাচ্ছে; কিন্তু এ অঞ্চলের মানুষের ভাগ্যের তেমন কোন পরিবর্তন হয়নি। এদিকে সুরমা নদীর নাব্যতা হারানোর কারণে শুষ্ক মৌসুমে নদীতে চর জেগে উঠে। ফলে নৌ-চলাচল বন্ধ হয়ে যায়।
