চুয়াডাঙ্গা-যশোর রুটে ৯ মাসেও বাস চলাচল স্বাভাবিক হয়নি

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:০৩
চুয়াডাঙ্গা ও কালীগঞ্জ বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত ৯ মাস ধরে চুয়াডাঙ্গা-যশোর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ দ্বন্দ্ব সুরাহা করতে প্রশাসন একাধিকবার উদ্যোগ নিলেও দুই মালিক সমিতির নেতৃবৃন্দ নিজেদের স্বার্থে অনড় থাকায় শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়। বাস মালিক সমিতির এ দ্বন্দ্বের ফলে মেহেরপুর-চুয়াডাঙ্গা-জীবননগর ভায়া কালীগঞ্জ-যশোর-খুলনা রুটের চলাচলকারী যাত্রীসাধারণ মারাত্মক অসুবিধার মধ্যে পড়েছে। গতবছরের ২ জুন কালীগঞ্জ মালিক সমিতির আওতাধীন শ্রমিকরা চুয়াডাঙ্গা মালিক সমিতির একটি বাস চলাচলে বাধার সৃষ্টি করলে উভয় মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এ দ্বন্দ্বের ফলে পরেরদিন হতে উভয় মালিক সমিতি সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়ে তাদের নিজ নিজ সীমানার মধ্যে বাস চালনা শুরু করে। বাসগুলো জীবননগর উপজেলার শেষ সীমানা হাসাদাহ পর্যন্ত চলাচল করতে থাকায় যাত্রীদেরকে রাস্তার মধ্যে দু’বার তাদের ব্যাগ-ব্যাগেজ নিয়ে ওঠানামা করতে হচ্ছে। এরফলে তাদেরকে মারাত্মক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। খোয়া যাচ্ছে ল্যাগেজ। এছাড়াও উভয় বাস মালিক সমিতি তাদের ইচ্ছামতো ভাড়া আদায় করায় যাত্রীদের অতিরিক্ত পয়সাও গুনতে হচ্ছে।