বাল্য বিবাহ আইন লংঘন করে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে পড়ানোর দায়ে বিবাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা জালাল উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা সেকান্দার দালালের কন্যা ও খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নারগিস আক্তারের (১৩) সাথে একই গ্রামের মোঃ কবির হাওলাদারের পুত্র মোকসেদ হাওলাদারের (২৩) সোমবার রাতে বিয়ে সম্পন্ন হয়।
গত বুধবার সকালে ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনকে তার আদালতে তলব করেন। এ সময় জিজ্ঞাসাবাদে কাজী আইন লঙ্ঘন করে বিবাহ নিবন্ধন করার কথা স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগ স্বীকার করায় আদালত মাওলানা জালাল উদ্দিনকে অর্থ দণ্ডে দণ্ডিত করে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এছাড়াও তার বিবাহ নিবন্ধন বাতিল করার নির্দেশ দেন। কনে নারগিস আক্তার জানান, তার ইচ্ছার বিরুদ্ধে অভিভাবকগণ তাকে বিয়েতে বাধ্য করেছে।
