বন্দিদশা কাটছে না হতভাগ্য ইটভাটা শ্রমিক সাইফুল ইসলামের। চারদিন নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের ভাই ভাই নামে একটি ইটভাটার মালিক তাকে শিকল বন্দি অবস্থায় আটকে রাখার পর গত মঙ্গলবার রাতে থানা পুলিশ উদ্ধার করে। এরপরও সেই থেকে সাইফুল ইসলামের বন্দিদশা কাটছে না। নির্যাতিত হয়েও অন্যান্য অভিযুক্ত আসামিদের সাথে নান্দাইল থানা হাজতে থাকতে হচ্ছে তাকে। মঙ্গলবার রাতে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ ইটভাটা থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ইটভাটা শ্রমিকদের দলনেতা (সর্দার) ওই ইটভাটার মালিকের কাছ থেকে আগাম শ্রম বিক্রির টাকা নিয়ে কাজ করছে না এই অভিযোগে শ্রমিক সাইফুল ইসলামকে (২৮) আটকে রাখা হয়েছিল । নান্দাইল উপজেলা শাখা ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা সংগঠক রুনা লায়লা জানান, নির্যাতিত ব্যক্তিকে কোন অভিযোগ ছাড়া আটকে রাখা চরম মানবাধিকার লংঘন। তাকে দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেয়া উচিত। বৃহস্পতিবার দুপুরে নান্দাইল মডেল থানায় গিয়ে দেখা যায়, হাজতখানার ভেতরে বসে আছেন সাইফুল ইসলাম। কি কারণে পুলিশ তাকে আটকে রেখেছে জানতে চাইলে সাইফুল ইসলাম ইত্তেফাককে জানায়, ইটভাটা থেকে উদ্ধারের পর পুলিশ বলেছিল ছেড়ে দেবে । কিন্তু এখনো তো ছাড়ছে না। এ প্রসঙ্গে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম ইত্তেফাককে বলেন, সাইফুল ইসলামকে তার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ছেড়ে দেয়া হবে।
