নাগেশ্বরীতে ছেলেধরা আতঙ্কে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে। একমাস পর ১ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এ অবস্থায় পড়ালেখা বিঘ্নিত হওয়ায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কা করছেন শিক্ষকরা। গুজব উঠেছে একদল ছেলেধরা গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের ধরে পাচার করবে। এ কারণে অসচেতন অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে যেতে দিচ্ছেন না। কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। গত ২৭ ফেব্রুয়ারি বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে ছেলেধরা সন্দেহে তিনজন আটকের পর এ আতঙ্ক বেড়েই চলছে। আটক তিন ব্যক্তি ছেলেধরা নয় এ কথা কচাকাটা থানা জানালেও সাধারণ মানুষ তা বিশ্বাস করছেন না। গতকাল পৌরসভার ডায়নারপাড় রেজিঃ, হলদিকুড়া রেজিঃ, আস্করনগর রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে শিক্ষার্থীর উপস্থিত ছিল গড়ে ৩৭ জন ।
