রায়পুরায় সবজি ক্ষেত পাহারায় পুলিশ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:০৯
সবজিক্ষেত কেটে ফেলাকে কেন্দ করে রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সহিংসতা এড়াতে দিনভর সবজিক্ষেত পাহারায় নিয়োজিত ছিলেন রায়পুরা থানার ওসি (তদন্ত) মুমিনুল ইসলামসহ ৮/১০ জন পুলিশ সদস্য। উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি কান্দাপাড়া গ্রামে বুধবার ঘটনাটি ঘটে। স্থানীদের সাথে কথা বলে যানা যায়, ঘটনার দিন সকালে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মঞ্জুর এলাহীর সমর্থক মোঃ ইউনূছ মিয়ার সবজিক্ষেত থেকে বেশকিছু চিচিংগার চারা কেটে ফেলে সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমানের সমর্থকরা। পরে মঞ্জুর সমর্থকরাও পাল্টা হামলা চালায় ফাইজুর চেয়ারম্যানের পোল্টি ফার্ম ও সেচপাম্পে। এসময় সেচের পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে ফেলে মঞ্জুর সমর্থরা। দেখা দেয় চরম উত্তেজনা। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষের প্রস্তুতি নেয়। ওসি (তদন্ত) মুমিনুল ইসলাম জানান, এখানকার দুই ইউপি চেয়ারম্যান সমর্থরা প্রায়ই তুচ্ছ কোন ঘটনাকে কেন্দ করে লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়েই দিনভর রোদে পুড়ে সবজিক্ষেতের আশপাশে অবস্থান নিয়েছিল পুলিশ।