নারী দিবস উপলক্ষে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি \ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। গত বুধবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে বিকাশ বাংলাদেশের সহযোগিতায় জেলা চেঞ্জমেকার কমিটি ও আমরাই পারি জেলা জোট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিকাশ বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এ প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আলমগীর জলীল প্রমুখ।
গোমস্তাপুরে ব্র্যাকের কর্মশালা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লোকাল কমিউনিটি লিডারদের নিয়ে এক কর্মশালা বুধবার দুপুরে আলিনগর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক আইন সহায়তা কর্মসূচি আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য জালালউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সিএলসি ফ্যাসিলেটেটর মিজানুর রহমান। কর্মশালায় ইউপি সদস্য ইমাম, কাজী, এনজিও কর্মীসহ বিভিন্ন স্তরের ২৫ জন প্রতিনিধি অংশ নেয়।
মাদারীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি \ জেলা সদরের কুলপদ্বি এলাকা থেকে ডিবি পুলিশ বুধবার সন্ধ্যার পর ৭ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ তরুণ কুন্ডু নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তরুণকে গ্রেফতার করা হয়। অস্ত্র আইনে মাদারীপুর থানায় মামলা হয়েছে।
শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় শিশু নিহত
শেরপুর প্রতিনিধি \ গত বুধবার বিকালে সদর উপজেলার কানাশাখোলা মোড়ে শেরপুর থেকে ঢাকাগামী ড্রীমল্যান্ড পরিবহনের একটি বাসের চাপায় রাস্তা পারাপারের সময় ৭ বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। নিহত জরিনা বেগম (৭) স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী এবং কানাশাখোলা গ্রামের শাহজামাল মিয়ার মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুকন্যা জরিনা স্কুল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় বাসটি তাকে চাপা দেয়। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
লালপুরে আবারো পল্লী বিদ্যুতের তার চুরি
লালপুর (নাটোর) সংবাদদাতা \ মাত্র এক সপ্তাহের ব্যবধানে বুধবার ভোরে আবারো নাটোরের লালপুরে পল্লী বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের লাইনে বিদ্যুত্ থাকা অবস্থায় লালপুর-গোপালপুর লাইনের শিমুলতলা মাঠে ১১ কেভি লাইনের প্রায় ২০ হাজার টাকা মূল্যের ২০০ মিটার তার চুরি যায়। এর আগে ২৭ নভেম্বর লালপুর-ঈশ্বরদী লাইনের তিলকপুর মাঠের ৩৩ কভি লাইনের ৫০০ মিটার তার চুরি হয়। থানায় পৃথক দু’টি মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক জয়ী
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ক্লাসিক ক্রিকেট ক্লিনিক ৬ উইকেটে মেহেরপুর মুজিবনগর উপজেলার দাবিয়াপুর পাবলিক ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দাবিয়াপুর পাবলিক ক্লাব ৩০ ওভারে ৭’টি উইকেটে হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে।
মধুপুরে ভূমিহীন সমিতির সম্মেলন
গোপালপুর(টাঙ্গাইল)সংবাদদাতা \ মধুপুর উপজেলা ভূমিহীন সমিতির সম্মেলন বুধবার মির্জাবাড়ি ইউপি মাঠে অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ খন্দকার আনোয়ারুল হক। বক্তব্য রাখেন নিজেরা করি’র সংগঠক ফকিরুজ্জামান, রুহুল আমিন, নজরুল ইসলাম প্রমুখ।
বামনায় তিন দিনের কৃষিমেলা
বামনা (বরগুনা) সংবাদদাতা\ বরগুনার বামনা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষিমেলার সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু। বিশেষ অতিথি ছিলেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন।
রায়গঞ্জে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ পৌর এলাকার লক্ষ্মীকোলা বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে লক্ষ্মীকোলা বাজারের হাজী মার্কেটের বিভিন্ন পণ্যের ১২টি দোকান, ১টি ছাত্রাবাস ও ২টি কাঁচামালের গুদামের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কোহিনূর ফার্মেসী থেকে আগুনের সূত্রপাত হয়।
ঠাকুরগাঁওয়ে ২৮টি ঘর ভষ্মীভূত
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পাইকপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ২৮টি ঘর পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাতে ওই এলাকার তাজিমের রান্নাঘর হতে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু জানান, পাইকপাড়া এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিষদ থেকে সহায়তা করা হবে।
নেত্রকোনায় জাতীয় ভূমি জোনিং কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি\ জাতীয় ভূমি জোনিং প্রকল্পের জেলা পর্যায়ের এক কর্মশালা গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় নেত্রকোনা জেলার বর্তমান ভূমি ব্যবহার সম্পর্কিত মৌলিক তথ্য, সম্ভাবনা, বিধি সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন অতিরিক্ত জেল প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজি নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া পারভিন প্রমুখ।
কোটালীপাড়ায় আত্মিক উদ্দীপনা সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ “আমার নিকটে আইস” এই মূল সুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারদিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা শুরু হয়েছে। গত বুধবার মান্দা গ্লোরী প্রেসবিটিরিয়ান চার্চ প্রাঙ্গণে সাউথ বাংলাদেশ মিশনের মান্দা সেভেন্থ-ডে এ্যাডভেন্টিস্টমণ্ডলীর আয়োজনে সাউথ বাংলাদেশ মিশনের সভাপতি পাস্টর ম্যাথিউ অধিকারীর সভাপতিত্বে এ বাত্সরিক আত্মিক উদ্দীপনা সভা শুরু হয়েছে। সভার আয়োজক কমিটির অন্যতম সদস্য এরিক অমর মজুমদার জানান, আগামী শনিবার সভার সমাপ্তি ঘটবে।
সখীপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ সখীপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার উপজেলা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক আহাম্মদ আলী মিয়া সভাপতি ও কাজী শফিউল ইসলাম বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রমুখ।
বাসাইলে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার। নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন জহির উদ্দিন বাবুল (মাছ), মো. আইয়ুব খান (আনারস), মো. রুহুল আমিন সরকার (চেয়ার), মো. রফিক ঢালী (কলস) ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে ফারজানা আক্তার শিউলী (দোয়াত- কলম)। নির্বাচনে মোট ৩শ ৯৬ জন অভিভাবক ভোট প্রদান করেন।
দুমকীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা\ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নেছার হাওলাদারের পুত্র সাকিব (৫) গতকাল বাড়ির অন্য ছেলেদের সাথে খেলাধুলা করতে গেলে পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।
আদমদীঘিতে ইউপি চেয়ারম্যান ও সচিবদের প্রশিক্ষণ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ এল.জি.এস.পি-২ প্রকল্পের আওতায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য ও সচিবদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার শুরু হয়েছে। কুন্দগ্রাম, চাঁপাপুর ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএ হায়াত প্রমুখ।
চারঘাটে শিক্ষকদের প্রতিবাদ মিছিল
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা \ চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজের সহকারী অধ্যাপক ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে গত বুধবার কলেজ শিক্ষকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করে।
ডোমারে দলিল লেখক সমিতির কালো ব্যাজ ধারণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নীলফামারীর ডোমারে দলিল লেখক সমিতির আহ্বায়ক একরাম সুমন ও যুগ্ম আহ্বায়ক তমিজার রহমানের নেতৃত্বে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
কক্সবাজার পুলিশ লাইন্স স্কুল বন্ধের প্রতিবাদে মানববন্ধন
কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার পুলিশ লাইন্স স্কুল বন্ধের প্রতিবাদে গত বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। উক্ত মানববন্ধন থেকে অবিলম্বে পুলিশ লাইন্স স্কুল পুনরায় চালুর দাবি জানানো হয়। মানববন্ধনে মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিমউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন আজাদ, ক্রীড়া ব্যক্তিত্ব অপু বড়ুয়া প্রমুখ বক্তৃতা করেন।
সিদ্ধিরগঞ্জে পুলিশী হামলার প্রতিবাদে সভা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের উপর পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা করেছে জেলা তরুণ দল। গত বুধবার বিকালে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ অফিসের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্মআহবায়ক মাজহারুল হক ময়ূর, মনিরুল ইসলাম রবি, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোজাফ্ফর, জেলার যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দেওয়ান প্রমুখ।
গৌরনদীতে বিএনপি নেতা গ্রেপ্তারের নিন্দা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ মন্দিরে অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগে গৌরনদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সহসভাপতি মোঃ আলাউদ্দিন বেপারী (৪৩)কে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান প্রমুখ।
পিরোজপুরে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন
পিরোজপুর অফিস \ দেশব্যাপী জামায়াত-শিবিরের সন্ত্রাস ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে গতকাল বুধবার বিকালে জেলা শহরের ক্লাব রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আকরাম হোসেন খান, অ্যাডভোকেট চন্ডীচরণ পাল, অ্যাডভোকেট এম এ মান্নান, অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ, অ্যাডভোকেট হাকিম হাওলাদার, ডাঃ তপন কুমার বসু, হেলানা রফিক প্রমুখ।
নাচোলে আলেম ও শিক্ষকদের সঙ্গে মতবিনিমিয়
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি \ নাচোলে আলেম ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকেলে ইসলামী ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মসজিদের ইমাম, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফিয়া আক্তার রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বদরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় ৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হেমন্ত সরকার (সমকাল), সহ-সভাপতি আব্দুর রউফ সরকার (ইত্তেফাক), সাধারণ সম্পাদক মাসুদ রানা (যুগান্তর), নির্বাহী সদস্য আলতাফ হোসেন দুলাল (প্রথম আলো), ছাইদুল হক সাথী (কালেরকণ্ঠ), মাহফুজার রহমান (ভোরের কাগজ), জাহিদুল হক সরদার (বাংলাদেশ সময়)।
সদরপুরে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশন, আকোটেরচর এসসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও এ্যাডভোকেট রতন আলী চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৩টি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ. ছত্তার ফকির, উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন ও বিদ্যালয়ের সভাপতিগণ।
কোটালীপাড়া পৌরসভায় আইন-শৃঙ্খলা সম্পর্কিত সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার সকল মসজিদ, মন্দিরের সভাপতি-সম্পাদকসহ ইমাম ও পুরোহিতদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কোটালীপাড়া পৌরভবনের সভাকক্ষে সভায় পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর প্রমুখ।
মংলায় ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ ট্রাক আটক
মংলা সংবাদদাতা \ মংলা-খুলনা মহাসড়কের রূপসা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দু’কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস বোঝাই একটি ট্রাক আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মংলা-খুলনা মহাসড়কের রূপসা ব্রিজ সংলগ্ন সাচিবুনিয়া এলাকায় কোস্টগার্ড চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। কোস্টগার্ডের অভিযান টের পেয়ে ভারতীয় মালামাল বোঝাই একটি ট্রাক রাস্তার মাঝে রেখে গাড়ির চালকসহ সবাই পালিয়ে যায়। কোস্টগার্ড ট্রাকটি তল্লাশি করে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ৩টি ভুয়া নাম্বার প্লেট আটক করে।
