বাদ পড়লেন শেবাগ

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:৩৫
সিদ্ধান্তটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, আর সেই অনুমানকে সত্য প্রমাণ করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই টেস্টের দল থেকে বাদ পড়লেন ফর্মহীন ওপেনার বীরেন্দ্র শেবাগ। তবে গতকাল ঘোষিত ১৪ জনের এই দলে নিজের জায়গা ধরে রেখেছেন অফস্পিনার হরভজন সিং। চেন্নাই ও হায়দ্রাবাদ টেস্টে জিতে ইতিমধ্যেই ভারত ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। প্রথম দুই টেস্টের তিন ইনিংস মিলিয়ে মাত্র ২৭ রান করেন শেবাগ। তাই তাকে বাদ দিয়ে দল নির্বাচন করতে বিন্দুমাত্র ভাবতে হয়নি নির্বাচকদের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব জাগদালে বৃহস্পতিবার বলেন, ঘোষিত দলে আর কোন পরিবর্তন আনা হয়নি। শেবাগের পরিবর্তে শেখর ধাওয়ানকে ওপেনার হিসেবে মুরলি বিজয়ের সঙ্গে দেখা যেতে পারে। হায়দ্রাবাদের দ্বিতীয় টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন বিজয়। ভারত প্রথম দুই টেস্টের প্রাধান্য বিস্তার করে জয় পেলেও শেবাগ-বিজয় ওপেনিং জুটিতে করতে পেরেছেন যথাক্রমে ১১, ১৬ এবং ১৭ রান। গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিজ মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করার পর গত পাঁচ ম্যাচেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে আসছেন শেবাগ।