সাতক্ষীরার কালিগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কালিগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নোভা সরদার হিসাবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি নোভা সরদার একজন তালিকাভুক্ত খুনি ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে কালিগঞ্জে ভূমিহীন জনপদ বৈরাগীরচকে আশরাফ ও ইসহাক জোড়াখুনসহ ১৬ টি মামলা রয়েছে।
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে রবিবার সকালে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়। এ সময় সেখানে পাওয়া যায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, রামদা ও বোমা।
আরও পড়ুন: ধ্বংসের ৩০ বছর পর পুননির্মিত হল মসজিদ, হাজারো মানুষের ঢল
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রবিবার ভোরে খবর পান যে সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পড়ে থাকা লাশটি শনাক্ত করতে না পেরে গ্রামবাসীর সহায়তা নেয়। গ্রামবাসী তাকে শনাক্ত করে জানায় ওই ব্যক্তির নাম নোভা সরদার (৫৫)। তার বাবার নাম ঠান্ডাই সরদার। কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে তার বাড়ি।
ওসি আরও জানান, থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায় নোভা সরদার একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে জোড়া খুনসহ চারটি হত্যা ছাড়াও আরও ১২ টিসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল।
প্রাথমিক তদন্তে তিনি জানান, খুন খারাবি নিয়ে দুই গ্রুপ খুনির মধ্যে কোনো কারণ বশতঃ এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে নোভা।
কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধাংশু কুমার জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কাজ সেরে ময়না তদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এমআরএম
