আটক শান্তিরক্ষীদের মুক্তি দিতে রাজি সিরিয়ার বিদ্রোহীরা

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৪
সিরিয়ার বিদ্রোহীরা তাদের হাতে আটক জাতিসংঘের শান্তিরক্ষীদের মুক্তি দিতে রাজি হয়েছে। এদিকে, সিরিয়ার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামী সপ্তাহে তুরস্কের রাজধানী ইস্তানবুলে বৈঠকে বসতে যাচ্ছে বলে জানা গেছে। সিরিয়ার বিদ্রোহীরা তাদের হাতে আটক ফিলিপাইনের নাগরিক জাতিসংঘের ২১ জন শান্তিরক্ষীকে মুক্তি দিতে চায় বলে জানিয়েছে ফিলিপাইনের সামরিক বাহিনী। ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল আর্নলফো মার্সেলো বার্গোস বৃহস্পতিবার বলেছেন, বিদ্রোহীরা জানিয়েছে সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত থাকার কারণে তারা শান্তিরক্ষীদের ছেড়ে দিতে প্রস্তুত। বিদ্রোহীরা চায় গোলান মালভূমি থেকে রেডক্রস শান্তিরক্ষীদের পাহারা দিয়ে নিয়ে যাক। বার্গোস জানান, শান্তিরক্ষীদের ছেড়ে দিতে চাওয়ার তথ্যটা গোলান মালভূমির জাতিসংঘ দপ্তর থেকে পাওয়া গেছে। শান্তিরক্ষীদের মুক্তির জন্য তারা বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, ইসরাইল অধিকৃত গোলান মালভূমি হতে মাত্র দেড় কিলোমিটার দূরে জামলাহ গ্রাম থেকে গত বুধবার শান্তিরক্ষীদের আটক করে সিরিয়ার বিদ্রোহীরা। বৃহস্পতিবার অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্রোহীরা শান্তিরক্ষীদের সঙ্গে ভালো ব্যবহার করছে। এদিকে, সিরিয়ার বিদ্রোহী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামী সপ্তাহে তুরস্কের রাজধানী ইস্তানবুলে বৈঠকে বসবে। এসএনসি জোটের সদস্যরা একথা বলেছে। জানা গেছে, যদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে তাহলে রাজনৈতিক উত্তরণের জন্য আগে থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করে রাখা হচ্ছে। এছাড়া, বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় সরকার পরিচালনার জন্যও এই প্রয়োজনীয়তা রয়েছে বলে সিরিয়ার বিরোধী জোট একমত হয়েছে।