আবু সাইয়িদ গণফোরামে, ‘ধানের শীষ’ প্রতীকে ভোট করবেন পাবনা-১ আসনে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৪৪

আওয়ামী লীগের সাবেক নেতা ও প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গণফোরামে যোগ দিয়েছেন। গতকাল সোমবার যোগ দিয়ে রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় নির্বাচন করবেন বলে জানা গেছে।

গণফোরামের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে তার মতিঝিলের চেম্বারে গিয়ে দেখা করেন। এরপর মনোনয়ন ফরম দাখিল করার লক্ষ্যে তিনি নিজ নির্বাচনী এলাকার  উদ্দেশে রওনা হন। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সাংবাদিকদের জানান, আবু সাইয়িদ গণফোরামে যোগ দিয়ে মনোনয়ন ফরম নিয়েছেন।

উল্লেখ্য, আবু সাইয়িদ এবার পাবনা-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কেনেন। আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এক-এগারোতে সেনাসমর্থিত সরকারের সময় সাইয়িদ সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হয়েছিলেন তিনি।

আবু সাইয়িদের আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া, কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন, একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম এবং সেনা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা কামাল হোসেনের গণফোরামে যোগ দেন।

এদিকে, পটুয়াখালীর গলাচিপার আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি গোলাম মাওলা রনি গতকাল বিএনপিতে যোগ দিয়েছেন।