যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির নিষিদ্ধের প্রশ্নে একমত হওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র নেতারা। একই সাথে তারা আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে সমঝোতায় পৌঁছার লক্ষ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা শুরুর জন্যও দু’দলের প্রতি আহবান জানান। শুক্রবার দুপুরে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়ামের জরুরি সভায় বক্তারা এ আহবান জানান।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, সাজ্জাদ জহির চন্দন, আলতাফ হোসেন, সামসুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, লক্ষ্মী চক্রবর্তী ও রফিকুজ্জামান লায়েক। সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ সভায় রিপোর্ট পেশ করেন। সভায় বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করার জন্য এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপদাপন্ন করার জন্য জামায়াত-শিবির দেশব্যাপী চরম সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছে। সভায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সাম্প্রদায়িক হামলা পরিচালনার ঘটনার তীব্র নিন্দা এবং সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিহত করার জন্য এলাকায় এলাকায় নাগরিক প্রতিরোধ কমিটির গঠন করে প্রতিরোধ সংগঠিত করার আহ্বান জানানো হয়।
